স্পোর্টস ডেস্ক : এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে দুই গোল, তিন লাল কার্ড এবং নানা নাটকীয়তায় ঠাসা ম্যাচে নায়ক হয়েছেন জুলিয়ান কুইনোনেস। দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস বাধ না সাধলে হয়ত আরও একটি গোল দিতে পারতেন এ মেক্সিকান।
দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারানোর পর সেই আক্ষেপ যদিও করেননি, তবে নিজেদের ভুলগুলোর কথা বলেছেন। কুইনোনেস জানিয়েছেন, নিজের উদযাপনের ভাবনার কথা।
ম্যাচ শেষে কুইনোনেস বলেন, (গোল করার পর) মাথায় অনেক কিছুই ঘুরছিল। আনন্দে চিৎকার করতে ইচ্ছে করছিল। আমি বেঞ্চের কাছে গিয়েছিলাম আমার সতীর্থদের কাছে। কারণ তারা আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। আমি সেই আনন্দটা তাদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলাম।
মেক্সিকোর জয়টি আরও নিখুঁত হতে পারত যদি শেষদিকে ডিফেন্ডার সিজার মন্টেস লাল কার্ড না দেখতেন। কুইনোনেসের মতে, কিছু ভুল হয়েছে, যেগুলোর মূল্য অনেক বেশি দিতে হয়েছে। লাল কার্ড পাওয়ার মতো ঘটনা আসলে এড়ানো সম্ভব।
জাতীয় দলের হয়ে নিজের প্রথম বিশ্বকাপ গোল করা রাউলেরও প্রশংসাও করেছেন তিনি, ‘আমরা সবাই তাকে অভিনন্দন জানিয়েছি। কারণ সে দলকে অনেক কিছু দেয়। এই দলের অংশ হওয়াটাই আমাদের জন্য গর্বের। জাতীয় দলের হয়ে একজন খেলোয়াড় হিসেবে তার গোলের সংখ্যা আরও বাড়ছে—এটা সত্যিই দারুণ বিষয়।’
কুইনোনেসের শুরুর গোল এবং রাউলের দ্বিতীয়ার্ধের হেডে ভর করে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে স্বপ্নের সূচনা করেছে মেক্সিকো।
কিউএনবি/অনিমা/১২.০৬.২০২৬/দুপুর ১.৪০