স্পোর্টস ডেস্ক : সপ্তাহখানেক ধরে জোর গুঞ্জন চলছিল বাংলাদেশ দলের পেস বোলিং কোচ নিয়ে। কেননা টাইগারদের হয়ে আর কাজ করতে চান না শন টেইট। ফলে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তার উপস্থিতি নিয়েও দেখা দিয়েছিল বড় ধরনের শঙ্কা। সেটাই যেন সত্যি হয়েছে। এদিকে অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না মুশতাক আহমেদ এবং জেমস প্যামেন্টও।
ফলে কোচিং প্যানেলে অভিজ্ঞতার ঘাটতি থাকায় আবারও মোহাম্মদ সালাউদ্দিনকে ফিরিয়ে নেওয়া হয়েছে জাতীয় দলে। অস্ট্রেলিয়ার পর কাজ করবেন জিম্বাবুয়ে সিরিজেও। এদিকে আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পেস বোলিং কোচের দায়িত্ব সামলাবেন তালহা জুবায়ের। এমনকি আগামী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও দায়িত্বে থাকবেন সাবেক এই ক্রিকেটার।
আগামী ৯ থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশে সাদা বলের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ ৯, ১১ ও ১৪ জুন ঢাকার শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দল দুটি যাবে চট্টগ্রাম। সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কিউএনবি/অনিমা/০৫.০৬.২০২৬/বিকাল ৫.১৯