বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৫২ Time View

ডেস্কনিউজঃ আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য সুপারস্টার লিওনেল মেসিকে অধিনায়ক রেখেই চূড়ান্ত ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বমঞ্চের আসরটি হবে ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামির এই কিংবদন্তি ফরোয়ার্ডের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।

২০২২ সালে কাতারে বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ তারকা সদস্যই স্থান পেয়েছেন আর্জেন্টিনার এবারের মূল স্কোয়াডে। অধিনায়ক মেসির পাশাপাশি কাতার বিশ্বকাপের বিশ্বস্ত সেনানী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজসহ মোট ১৭ জন অভিজ্ঞ ফুটবলারকে স্কোয়াডে ধরে রাখা হয়েছে।

তবে ফুটবল অঙ্গনে বেশ কিছুদিন ধরে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত আন্তর্জাতিক অবসর ভেঙে দলে ফেরানো হয়নি তারকা উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়াকে। ২০২৪ সালের কোপা আমেরিকা টুর্নামেন্ট জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো গত বিশ্বকাপ ফাইনালের এই মহানায়ককে ছাড়াই চূড়ান্ত পরিকল্পনা সাজিয়েছে দল। অন্যদিকে, কাতার বিশ্বকাপের শিরোপাজয়ী দলের অন্যতম লেফট ব্যাক মার্কোস আকুনা সাম্প্রতিক ফিটনেস সমস্যার কারণে স্কোয়াডে নিজের জায়গা হারিয়েছেন।

এই স্কোয়াডের অন্যতম বড় সুসংবাদ হলো, ইনজুরির কারণে ২০২২ কাতার বিশ্বকাপ মিস করা নির্ভরযোগ্য মিডফিল্ডার জিওভানি লো সেলসো এবার দলে জায়গা পেয়েছেন। এর আগে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার এবং এবার তিনি ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ম্যাচ মাঠে নামার প্রহর গুনছেন। তার পাশাপাশি এবারের স্কোয়াডে সুযোগ পেয়েছেন কয়েকজন তরুণ প্রতিশ্রুতিশীল ফুটবলার, যাদের মধ্যে ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, হোসে মানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা প্রথমবার বিশ্বকাপ খেলার স্বাদ পেতে যাচ্ছেন।

২০২৬ বিশ্বকাপের ‘জে’ গ্রুপে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ ধরে রাখার মূল অভিযান শুরু করবে। গ্রুপ পর্বে তাদের পরবর্তী প্রতিপক্ষ হিসেবে থাকবে যথাক্রমে জর্ডান ও অস্ট্রিয়া।

ঘোষিত বিশ্বজয়ী আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াডে গোলরক্ষক হিসেবে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো। রক্ষণভাগ বা ডিফেন্ডার পজিশনে খেলবেন লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনা।

মাঝমাঠ বা মিডফিল্ডার হিসেবে দলে আছেন লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। আক্রমণভাগ বা ফরোয়ার্ড লাইনে প্রতিপক্ষের জালে বল জড়াতে লড়বেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে মানুয়েল লোপেজ ও লাউতারো মার্টিনেজ।

কিউএনবি/বিপুল/২৯.০৫.২০২৫/দুপুর ১২.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit