বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৪৩ Time View

ডেস্কনিউজঃ পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (২৭ মে) সকালে জাতীয় ঈদগাহে ঈদের জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন।
পরিদর্শনে জানানো হয়, এবার জাতীয় ঈদগাহে ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের সুবিধার্থে নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজুখানা ও নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া পুরো প্যান্ডেলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান, বিশুদ্ধ পানি, ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ও সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।
জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে বুয়েট সংলগ্ন পলাশী অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস)-এর সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক। নান্দনিক এই উদ্যোগের অংশ হিসেবে এসটিএসের দেয়ালে লালবাগ কেল্লা ও আহসান মঞ্জিলের আদলে গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী।

পরে নগর ভবনে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এক বিশেষ মতবিনিময়সভা হয়। সভায় জানানো হয়, ঈদের দিন দুপুর ১টা ৩০ মিনিটে কলাবাগান এসটিএস থেকে আনুষ্ঠানিকভাবে মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্য পরিবহন শুরু হবে। প্রথম দিনের কোরবানির বর্জ্য রাত ৯টা ৩০ মিনিটের মধ্যে, অর্থাৎ ৮ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ অপসারণের লক্ষ্য নির্ধারণ করেছে ডিএসসিসি।

সভায় আরো জানানো হয়, ঈদুল আজহার তিন দিনে ঢাকা দক্ষিণ সিটি এলাকায় প্রায় ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য জমতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিপুল পরিমাণ বর্জ্য ব্যবস্থাপনায় ১৩ হাজার ৪৫৩ জন জনবল এবং ২ হাজার ১১৭টি যানবাহন ও যন্ত্রপাতি নিয়োজিত থাকবে।

এ ছাড়া ৭৫টি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার, ২১০ গ্যালন স্যাভলন ও ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হচ্ছে।
ডিএসসিসির সামগ্রিক প্রস্তুতির প্রশংসা করে মীর শাহে আলম বলেন, ‘রাজনৈতিক প্রশাসক নিয়োগ ছিল প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্ত। দলীয় প্রশাসক নিয়োগের ফলে সিটি করপোরেশনগুলোর নাগরিক সেবার মান বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, মশক নিয়ন্ত্রণ ও সবুজায়নে ডিএসসিসি আগের চেয়ে অনেক বেশি অগ্রগতি অর্জন করেছে।’

কিউএনবি/বিপুল/২৭.০৫.২০২৬/বিকাল ৫.৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit