মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

৫০ বিলিয়ন ডলারের চমক, মোদির টেবিলে কী নিয়ে এলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট লি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : মোদির সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ুং। এই সফরের মূল লক্ষ্য দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।

সোমবার শুরু হওয়া এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত সহযোগিতার নানা দিক উঠে আসবে। দুই দেশই ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য ঠিক করেছে।

রবিবার নয়াদিল্লিতে কোরীয় সম্প্রদায়ের সঙ্গে এক নৈশভোজে প্রেসিডেন্ট লি বলেন, দক্ষিণ কোরিয়া ও ভারতের মধ্যে বর্তমান অর্থনৈতিক সহযোগিতা প্রত্যাশার তুলনায় অনেক কম। তিনি জানান, আগামীতে এই সম্পর্ককে সম্পূর্ণ ভিন্ন মাত্রায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।

গত আট বছরের মধ্যে এটিই দক্ষিণ কোরিয়ার কোনো প্রেসিডেন্টের প্রথম ভারত সফর, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন গতি আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থায়ন ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেতে পারে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় উপদেষ্টা উই সুং-ল্যাক। একই সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তিকে আধুনিকায়নের বিষয়েও আলোচনা হতে পারে।

তথ্য অনুযায়ী, গত বছর দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল ২৫ দশমিক ৭ বিলিয়ন ডলার। এর মধ্যে দক্ষিণ কোরিয়া ভারতে রপ্তানি করেছে ১৯ দশমিক ২ বিলিয়ন ডলারের পণ্য ও সেবা, আর আমদানি করেছে ৬ দশমিক ৪ বিলিয়ন ডলার। ফলে বাণিজ্যে দক্ষিণ কোরিয়ার উদ্বৃত্ত রয়েছে ১২ দশমিক ৮ বিলিয়ন ডলার।

বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটেও এই সফরকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট লি বলেন, সাপ্লাই চেইনের অস্থিরতা এবং বিশেষ করে ইরান যুদ্ধের প্রভাবে তৈরি হওয়া অর্থনৈতিক চাপ দুই দেশকে আরও ঘনিষ্ঠ কৌশলগত অংশীদারে পরিণত করছে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় দক্ষিণ কোরিয়া ন্যাফথা সরবরাহের জন্য ভারতের ওপর নির্ভরতা বাড়িয়েছে। গত বছর দক্ষিণ কোরিয়ার মোট আমদানিকৃত ন্যাফথার প্রায় ৮ শতাংশ এসেছে ভারত থেকে।

বিশেষজ্ঞদের মতে, জাহাজ নির্মাণ শিল্পও দুই দেশের সহযোগিতার একটি বড় ক্ষেত্র হয়ে উঠতে পারে। ভারত যেখানে কর্মসংস্থান বাড়াতে চায়, সেখানে দক্ষিণ কোরিয়া তাদের শিল্প সক্ষমতা কাজে লাগাতে আগ্রহী।

ভারত সফর শেষে লি ভিয়েতনাম সফরে যাবেন বলে জানা গেছে।

সোর্স এএফপি, রয়টার্স, ডয়চে ভেলে

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৬,/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit