খোরশেদ আলম বাবুল : পারিবারিক পূর্ববিরোধের জেরে শরীয়তপুরের ভেদরগঞ্জের রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর (মধুপুর) গ্রামের মোসলেম উদ্দিন খান (৬৮) ও তাঁর ছেলে মো. রিয়াদ খানকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রিয়াদ খান বাদী হয়ে আল আমিন শেখ, নিজাম শেখ, সুমন শেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামী করে ভেদরগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের ভাগ্নি নওশিনের সঙ্গে অভিযোগকারী রিয়াদ খানের বিয়ে হয়। অবশেষে তালাকের মাধ্যমে স্বামী-স্ত্রীরির বিচ্ছেদ ও দুই পরিবারের আত্বীয়ের বন্ধন ছিন্ন হয়। দাম্পত্য জীবনের ফসল পুত্র সন্তান কার কাছে থাকবে ও তার ভরন পোষনের বিষয়টিও সামাজিকভাবে মীমাংসা করা হয়। ধার্য্য করা হয় সন্তান মায়ের কাছে থাকবে এবং পিতা সন্তানের ভরন পোষন বাবদ মাসে ৫ হাজার টাকা পরিশোধ করবে। সেই ক্ষেত্রে সন্তানের মায়ের দাবী ৩ বছরের টাকা একত্রে দিতে হবে। সেই দাবী প্রত্যাক্ষান করায় উভয় পরিবারের মধ্যে পুনরায় বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে গত ১৯ সেপ্টেম্বর শনিবার কার্তিকপুর-মধুপুর গ্রামের একটি সেতুর উপর অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে মোসলেম খানের ওপর হামলা করে।
একপর্যায়ে লোহার রড দিয়ে মোসলেম উদ্দিনের মাথার পেছনে পিটিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে রিয়াদ খান ঘটনাস্থলে গেলে তাকেও এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। থানায় অভিযোগ করায় নানানভাবে হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন রিয়াদ খান। অভিযোগের সত্যতা জানতে যাওয়া হয় অভিযুক্তদের বাড়িতে। বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। তবে অভিযুক্তদের চাচা পরিচয়ে আবুল শেখ জানায়, গ্রাম্য শালিসের মাধ্যমে রিয়াদ ও নওশিনের খোলা তালাক হয়।
সেখানেই সিদ্ধান্ত হয় তাদের সন্তান নওশিনের কাছে থাকবে। সন্তানের ভরন পোষনের জন্য রিয়াদ প্রতি মাসে ৫ হাজার টাকা পরিশোধ করবে। বিগত ৪ মাসে কোন টাকা না দেওয়ায় পুনরায় শালিসী হয়। সেখানে রিয়াদের পরিবারের কেউ উপস্থিত হয়নি। সেই ক্ষোভে অভিযুক্তরা ঘটনার দিনে তাকে আটকে রেখে রিয়াদকে খবর দেয়। রিয়াদ গিয়ে সেখানে উত্তেজনার সৃষ্টি করে। সেখানে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাশার বলেন, অভিযোগ পেয়ে তদন্তের জন্য এক অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:২২