সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

নতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে আবেদন শেখ হাসিনার

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

ডেস্ক নিউজ : ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। 

সোমবার (০৯ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন তার আইনজীবীরা। এ আবেদনসংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তাঁর এই উদ্যোগকে দেশে প্রত্যাবর্তনের সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাঠানো এক চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠানো হয়।

২০২৪ সালে দেশত্যাগের পর এটিই তার পক্ষ থেকে এ ধরনের প্রথম পদক্ষেপ।

চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত নতুন নথি ইস্যুর আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

আরও বলা হয়, ‘আমাদের মক্কেলের বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন দলিল থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে তার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি।’

এছাড়া আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির জন্যও চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তবে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তারিখ জানানো হবে বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে, ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দি হয়েছেন, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।

প্রায় ২০ বছর বিভিন্ন মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নতুন করে রাজনৈতিক ও আইনি পরিস্থিতি জটিল করে তুলতে পারে বলে মনে করছে রয়টার্স। তবে তাঁর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে ভারতের সাম্প্রতিক সময়ে অবনতি হওয়া দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাও দেখছে সংবাদ মাধ্যমটি। 

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৬,/দুপুর ১২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit