ডেস্ক নিউজ : বৃষ্টিপাত বেড়ে আগামী কয়েক দিনের মধ্যে বন্যাপ্রবণ তিস্তা, কুশিয়ারা ও সুরমা নদীর পানি বাড়তে পারে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছে।
পাউবো জানিয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানির সমতল হ্রাস পেয়েছে। অপরদিকে, যমুনা নদীর পানির সমতল স্থিতিশীল আছে। ব্রহ্মপুত্র নদের পানির সমতল আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকতে পারে। অপরদিকে, যমুনা নদীর পানির সমতল আগামী এক দিন হ্রাস পেতে পারে এবং পরবর্তী চার দিন স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা নদীর পানির সমতল হ্রাস পেয়েছে। অপরদিকে, পদ্মা নদীর পানির সমতল স্থিতিশীল আছে, যা আগামী পাঁচ দিন হ্রাস পেতে পারে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানির সমতল হ্রাস পেয়েছে, যা আগামী দুদিন অব্যাহত থাকতে পারে এবং তৃতীয় দিন বাড়তে পারে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল হ্রাস পেয়েছে। তিস্তা নদীর পানির সমতল আগামী এক দিন হ্রাস পেতে পারে এবং পরবর্তী দুদিন বাড়তে পারে। অপরদিকে, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।
কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:৩৬