স্পোর্টস ডেস্ক : দারিদ্র্যকে চ্যালেঞ্জ জানিয়ে কোটি টাকার মালিক রাসেল ১৯৮৮ সালের ২৯ এপ্রিল, জ্যামাইকার কিংস্টনে জন্ম আন্দ্রে রাসেলের। তার পরিবারের আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ। তার মা স্যান্ড্রা ডেভিস চেয়েছিলেন ছেলে লেখাপড়া করে একটি ভালো চাকরি করুক। কিন্তু রাসেল জানতেন, যদি পরিবারকে সত্যিই সচ্ছল করতে হয়, তবে তাকে সফল ক্রিকেটার হতে হবে।
রাসেলের বাবা মাইকেল রাসেল একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। মা চাননি ছেলে ক্রিকেটে সময় নষ্ট করুক। কিন্তু রাসেল তার মাকে বলেছিলেন, ‘মা, আমাকে শুধু দুই বছর সময় দাও। যদি সফল না হই, তবে যেটা বলবে সেটাই করব।’ মা ছেলের ওপর ভরসা রেখেছিলেন।
মায়ের দেওয়া সময়ের মধ্যে বড় সাফল্য না এলেও পরিবার বুঝে গিয়েছিল, ছেলেটা কঠোর পরিশ্রম করছে। ২০০৭ সালে জ্যামাইকার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় রাসেলের। তার বিধ্বংসী ব্যাটিং ও ভয়ঙ্কর পেসে ওয়েষ্ট ইন্ডিজের জাতীয় দলের নির্বাচকরা মুগ্ধ হন। ২০১০ সালে শ্রীলংকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আন্দ্রে রাসেলের।
সাফল্য আসার পর আন্দ্রে রাসেলের জীবনে শুধু টাকা নয়, গ্ল্যামারও আসে ঝড়ের গতিতে। হট মডেল ও ফ্যাশন ইনফ্লুয়েন্সার জেসিম লরার সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। ২০১৪ সালে তাদের বাগদান সম্পন্ন হয়। ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ২০২০ সালে তাদের কন্যাসন্তান আমায়ার জন্ম হয়। বর্তমানে জেসিম লরার ইনস্টাগ্রামে ৩ লাখ ৩৯ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে।
দারিদ্র্যের অন্ধকার থেকে উঠে এসে যেভাবে আন্দ্রে রাসেল নিজের স্বপ্নপূরণ করেছেন, তা আজ বহু তরুণের অনুপ্রেরণা।
২০২৩ সালের অক্টোবরের এক প্রতিবেদন অনুসারে টি-টোয়েন্টি ক্রিকেটের পোস্টার বয় খ্যাত আন্দ্রে রাসেল ১৭৬ কোটি টাকার মালিক। বর্তমানে তিনি প্রায় তিনশো কোটি টাকা মালিক।
গতকাল বুধবার রাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন আন্দ্রে রাসেল। আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষবারের মতো খেলতে নামবেন তিনি।
আন্তর্জাতিক ক্যারিয়ারে রাসেল ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ব্যাট হাতে সংগ্রহ করেছেন ১,০৭৮ রান আর বল হাতে শিকার করেছেন ৬১ উইকেট। ওয়ানডেতে ৫৬ ম্যাচে ১,০৩৪ রান করার পাশাপাশি নিয়েছেন ৭০ উইকেট। ২০১০ সালে টেস্ট অভিষেক হলেও খেলেছেন মাত্র একটি ম্যাচ।
কিউএনবি/আয়শা//১৭ জুলাই ২০২৫,/রাত ৮:০০