বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ঘরে পাকস্থলীর ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন ক্যাং সিও। সোমবার (১৪ জুলাই) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছে কোরিয়ান সংবাদমাধ্যম সুম্পি। প্রতিবেদন থেকে জানা যায়, ক্যাং সিও হা-র অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কোরিয়ান বিনোদন জগতে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসেরপ্রতিবেদন থেকে জানা যায়, অভিনেত্রীর পরিবার জানিয়েছে বুধবার (১৬ জুলাই) সকালে শেষকৃত্য অনুষ্ঠিত হবে ক্যাং সিও হা-র। সিউল মেমোরিয়াল পার্কে দাহ করার পর তার দেহ জন্মস্থান হামান, সাউথ গিয়ংসাং প্রদেশে সমাহিত করা হবে।
১৯৯৪ সালে জন্ম নেয়া ক্যাং সিও হা কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আর্টসের স্কুল অফ ড্রামা থেকে স্নাতক করেছিলেন। ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রেভ গাইসের মিউজিক ভিডিও ‘গেটিং ফারদার অ্যাওয়ে’ দিয়ে।
বড় ও ছোট উভয় পর্দাতেই জনপ্রিয় ছিলেন ক্যাং সিও হা। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘স্কুল গার্ল ডিটেক্টিভ’, ‘অ্যাসেম্বলি’, ‘ফার্স্ট লাভ এগেইন’, ‘দ্য ফ্লাওয়ার ইন প্রিজন’, ‘হার্ট সার্জন’ ইত্যাদি। মৃত্যুর আগে নতুন সিনেমা ‘ম্যাংনাইন’ যার ইংরেজি শিরোনাম ‘ইন দ্য নেট’এ চুক্তিবদ্ধ হয়েছিলেন এ অভিনেত্রী। সিনেমার শুটিংও শেষ করেছিলেন।
সিনেমাটিতে দেখানো হবে এক নারী তার ছোট বোনের মৃত্যুর কারণ জানার জন্য হ্যাকার ভাড়া করে, যার বোন অনলাইন হেনস্তার শিকার হয়ে আত্মহত্যা করে। চলতি বছরের শেষের দিকেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন ক্যাং সিও হা।
কিউএনবি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৩০