সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ৯ গোল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : সদ্য এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে দেশে ফেরা বাংলাদেশ নারী ফুটবল দল এবার নেমেছে আরেকটি মিশনে। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ শুরু হয়েছে নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী ম্যাচেই দুর্দান্ত শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ, ৯-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে।

এই প্রতিযোগিতায় অলিখিত ফেভারিট ধরা হচ্ছে বাংলাদেশকেই। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাকি তিন দল—নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার প্রতিনিধিরাও তা স্বীকার করেছেন। কোচ পিটার বাটলারের শিষ্যরা মাঠে সেটার যথার্থ প্রমাণই রাখলো।

শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই ফ্রি-কিক থেকে অসাধারণ এক গোল করে স্বাগতিক দলকে এগিয়ে দেন স্বপ্না রানী। চতুর্থ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ঢুকে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। ২০ মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিলেন মুনকি, কিন্তু তার শট পোস্টে লেগে ফিরে আসে।

২৯ মিনিটে স্বপ্নার দুর্দান্ত এক ক্রসে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন সাগরিকা। পরের মিনিটেই বক্সের ভেতর থেকে তার নেওয়া শটটি ঠেকিয়ে দেন লঙ্কান গোলরক্ষক থারুশিকা দোদামগোদাগে। অধিনায়ক আফঈদা খন্দকারও গোলের সুযোগ পেয়েছিলেন, কিন্তু ৩১ মিনিটে থারুশিকাকে পরাস্ত করতে পারেননি তিনিও।

৩৩ মিনিটে উমেলা মারমার নিখুঁত পাসেও গোল পাননি সাগরিকা। তবে ৩৭ মিনিটে ঠিকই গোলের দেখা পান এই ফরোয়ার্ড। শিখার ক্রস ঠেকাতে এগিয়ে আসেন লঙ্কান গোলরক্ষক থারুশিকা, কিন্তু তার পায়ের ফাঁক গলে বল চলে যায় সাগরিকার কাছে। সামনে ফাঁকা জাল, আর সেখানে বল পাঠাতে ভুল করেননি তিনি।

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও ছয়টি গোল যোগ করে তারা। বিরতির পর তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই সাগরিকার কাটব্যাকে গোলমুখে থাকা মুনকি নিখুঁত ট্যাপে জালের ঠিকানা খুঁজে নেন। এরপরই অধিনায়ক আফঈদাকে তুলে রুমা আক্তারকে মাঠে নামান কোচ পিটার বাটলার।

৫০তম মিনিটে বাঁ দিক থেকে আসা একটি ক্রস দারুণ প্লেসিং শটে জালে জড়ান সিনহা জাহান শিখা। বড় জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যায় স্বাগতিকরা। ৫৩ মিনিটে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে নিচু শটে ব্যবধান বাড়ান সাগরিকা। পাঁচ মিনিট পর পুজার কাটব্যাকে প্লেসিং শটে হ্যাটট্রিক পূরণ করেন এই ফর্মে থাকা ফরোয়ার্ড। এরপরই সাগরিকাকে তুলে মাঠে নামানো হয় তৃষ্ণা রানীকে।

৮৩ মিনিটে রুপা দলের হয়ে অষ্টম গোলটি করেন। এর আগে ৭২ মিনিটে বন্যার শট ক্রসবারে লেগে ফিরে আসে। একটু পর মুনকিকে তুলে কানন রানীকে মাঠে নামানো হয়। ৮৫তম মিনিটে বক্সের জটলার ভেতর থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রুপা।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পাল্টা আক্রমণ থেকে শ্রীলঙ্কার হয়ে জাসোথারান লায়নসিকা সান্ত্বনার একমাত্র গোলটি করেন। আর শেষ বাঁশি বাজার আগে বাংলাদেশের হয়ে নবম গোলটি করেন শান্তি মার্ডি। আর তাতে বিশাল জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল স্বাগতিকরা।

 

 

কিউএনবি/আয়শা//১১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit