শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

হাত-পা বেঁধে ভারতীয় অভিবাসী ফেরত, চাপে মোদি সরকার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ১০৪ ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। তাদেরকে হাত-পা বেঁধে মার্কিন সামরিক বিমানে করে ফেরত পাঠানো হয়। এ নিয়ে দেশটিতে বিরোধীদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ভারতের মোদি সরকার।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রে অভিবাসী স্বামীকে বারবার ফোনকল দিচ্ছিলেন ভারতের কুলবিন্দর কর। দুই সপ্তাহ ধরে তিনি যোগাযোগ করতে পারছিলেন না। এতে অনেকটাই উদ্বিগ্ন হয়ে পড়েন।পাঞ্জাব রাজ্যের হোশিয়ারপুর থেকে তিনি জানান, তার স্বামী বেঁচে আছেন না মারা গেছেন, তা নিয়ে তারা চিন্তায় পড়ে যান। পরে তিনি জানতে পারেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নথিপত্রহীন অভিবাসীদের স্বদেশে ফেরত পাঠাচ্ছেন। গত বুধবার যাদের ফেরত পাঠানো হয়, সেই ১০৪ ভারতীয়ের মধ্যে কুলবিন্দরের স্বামী হারবিন্দর সিংও ছিলেন।

আলজাজিরা জানায়, পাহাড়-পর্বত, জঙ্গল, নদী, সাগর-মরুর কঠিন পথ পার হয়ে পাঞ্জাব থেকে হারবিন্দর যুক্তরাষ্ট্রে পৌঁছেছিলেন। নারী-শিশুদের সঙ্গে তাকেও যখন ফেরত পাঠানো হয়, তখন হাত ও পা বাঁধা ছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বিমানে গাদাগাদি অবস্থায় মেঝেতে বসে ৪০ ঘণ্টা তারা এভাবে ছিলেন। বিমানটি পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে। তাদের সঙ্গে গুরুতর অপরাধীর মতো আচরণ নিয়ে ভারতজুড়ে ক্ষোভের ঢেউ বয়ে যাচ্ছে। এ নিয়ে ভারতের বিরোধী রাজনীতিক, সাংবাদিক, সুশীল সমাজের লোকজন নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারের সমালোচনায় মুখর হয়েছেন।

তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতজানু নীতিতে চলছে ভারতীয় সরকার। গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পার্লামেন্টের সামনে হাতে হ্যান্ডকাফ লাগিয়ে প্রতীকী বিক্ষোভ করেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।

আগামী ১৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদি। এর আগে নথিপত্রহীন অভিবাসীদের প্রতি ট্রাম্প প্রশাসনের আচরণ তার সরকারকে বিব্রত অবস্থায় ফেলেছে। ট্রাম্পকে ‘বন্ধু’ সম্বোধন করেন মোদি। তাহলে এ ধরনের পদক্ষেপ কেন থামাতে পারেননি– এ প্রশ্ন উঠছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির উদ্ধৃতি দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এ দফায় সব মিলিয়ে ৪৮৭ জন নথিপত্রহীন ভারতীয়কে ফেরত পাঠাতে পারে যুক্তরাষ্ট্র। আটকদের সঙ্গে যাতে কোনও ধরনের খারাপ আচরণ না হয়, সেজন্য তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলছেন।

দ্য হিন্দু অনলাইন জানায়, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১৫ হাজার ৭৫৬ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ তথ্য দিয়েছেন। সম্প্রতি ১০৪ জনকে ফেরত পাঠানো নিয়ে তিনি বলেন, প্রতিটি দেশের নিজস্ব কিছু নিয়ম থাকে।

ভারতে ফেরত আসা নথিপত্রহীনদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন গুজরাটের। এ রকমই একজন রাজ্যটির ভাদোদারার বাসিন্দা ৩৫ বছরের খুশবু প্যাটেল। মার্কিন সামরিক বিমানে ৪০ ঘণ্টা ভ্রমণের দুঃসহ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন তিনি।

তার বড় ভাই বরুণ প্যাটেল বলেন, পুরো ভ্রমণে খুশবু শিকলে বাঁধা অবস্থায় ছিলেন। যে জায়গাটিতে বসা ছিলেন, সেখানে নড়াচড়াও করতে পারেননি। খুশবু জানিয়েছেন, অপরাধী ও সাজাপ্রাপ্তদের মতো তাদের সঙ্গে আচরণ করা হয়েছে। সূত্র জানায়, ৪০ থেকে ৫০ লাখ রুপি খরচ করে অনেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

ভারতীয়দের এভাবে দেশে ফেরার সমালোচনা করে এটাকে ‘বেদনাদায়ক ও লজ্জাজনক’ বলে বর্ণনা করেছেন কংগ্রেস নেতা মনিকম ঠাকুর। সামাজিক মাধ্যম এক্সে তিনি বলেন, যেভাবে ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছে অপরাধীদের মতো শিকলে বেঁধে, তা অমানবিক ও অগ্রহণযোগ্য। কংগ্রেস নেতা শশী থারুর বলেন, হ্যান্ডকাফ পরিয়ে ফেরত পাঠানো ভারতের জন্য অপমানজনক।

যে অবৈধ পথে ভারতীয়রা যুক্তরাষ্ট্র বা ইউরোপে যান, সেটা ‘ডাংকি’ নামে পরিচিত। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের প্রধান বিনোদ কুমার বলেন, ডাংকি পথে যাওয়ার জন্য তরুণরা তাদের সর্বস্ব বিক্রি করে সব হারা হচ্ছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

কিউএনবি/অনিমা/৯ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit