বিনোদন ডেস্ক : অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমাটি পাকিস্তানে ২০২২ সালের ১৩ অক্টোবর মুক্তি পায়। সেসময় এটি সর্বকালের সর্বোচ্চ আয়কারী পাকিস্তানি চলচ্চিত্র হিসেবে জায়গা দখল নেয়। ওইসময় ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার বিষয়ে আলোচনা হলেও পরবর্তী সময়ে সেটি বাতিল করা হয়েছিল। দুই বছর পর সব জটিলতা কাটিয়ে ভারতে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত সিনেমাটি।
‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ ১৯৭৯ সালের পাকিস্তানি কাল্ট ক্লাসিক মওলা জাটের একটি আনুষ্ঠানিক রূপান্তর। বিলাল লাশারি পরিচালিত এই সিনেমাটিতে ফাওয়াদ খানের সঙ্গে দুর্দান্ত অভিনয় করেছেন মাহিরা খান। মাহিরা খান তার ইনস্টাগ্রামে ছবিটির পোস্টার পুনরায় শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, “চল যাই”। ফাওয়াদ খানও পোস্টারটি শেয়ার করেছেন।
বিলাল লাশারি তার ইনস্টাগ্রাম টাইমলাইনেও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ভারতের পাঞ্জাবে বুধবার (২ অক্টোবর) মুক্তি পাচ্ছে! দুই বছর পর, এবং এখনও পাকিস্তানে সপ্তাহে হাউসফুল! এখন, আমি ভারতে আমাদের পাঞ্জাবি দর্শকদের এই ভালবাসার জাদু অনুভব করার জন্য অপেক্ষা করতে পারি।’
ফাওয়াদ খান বলিউডে বেশ জনপ্রিয়। তিনি ‘খুবসুরাত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং ‘কাপুর অ্যান্ড সন্স’এর মতো বলিউড ছবিতে কাজ করেছেন। এদিকে শাহরুখ খানের ‘রইস’ দিয়ে বলিউডে অভিষেক হয় মাহিরা খানের।
উল্লেখ্য, ২০১৬ সালে উরি সন্ত্রাসী হামলার পর, পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করা নিষিদ্ধ করা হয়েছিল। পরে সুপ্রিম কোর্ট ২০২৩ সালের নভেম্বরে পাকিস্তানি তারকাদের ভারতে উপস্থিত হওয়া বা কাজ করা থেকে নিষেধ এমন একটি আবেদন খারিজ করে দেয়।
সূত্র: এনডিটিভি
কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৪০