আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ মোখবারের নাম ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি দুই মাস এ দায়িত্ব পালন করবেন।
নির্বাচনী প্রক্রিয়ার নিরীক্ষা শেষে ইরানের শীর্ষ নেতৃবৃন্দ পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের দিন হিসেবে ২৮ জুনকে বেছে নিয়েছে। আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ইরানের গণমাধ্যম ইরনা। রোববার আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরপর হেলিকপ্টারে ইরানের উত্তর-পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি।
সেখানেই হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। তাবরিজ থেকে ৫০ কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি; কিন্তু ভারি কুয়াশা থাকায় অনুসন্ধান অভিযান চালানো কঠিন হয়ে পড়ে। প্রেসিডেন্টের বহরে মোট তিনটি হেলিকপ্টার ছিল। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করে।
কিউএনবি/আয়শা/২১ মে ২০২৪,/বিকাল ৫:০৮