বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ির কাছ থেকে নগদ প্রায় ৩৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার ২৪ ঘন্টা আগেই এর মূল হোতাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জব্দ করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহার করা গাড়ি। গ্রেপ্তারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডার হাবিবুর রহমানের ছেলে মো. এনায়েত উল্লাহ ও দক্ষিণ পৈরতলার রশিদ মিয়ার ছেলে মো. আকাশ মিয়া। বৃহস্পতিবার ভোরে নরসিংদরি ব্রাহ্মণদি থেকে মূলহোতা এনায়েত উল্লাহকে ও তার দেওয়া তথ্য মতে হায়েক্স গাড়ির চালক আকাশকে পৈরতলা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এনায়েতের কাছ থেকে দুই হাজার ইউরো পাওয়া যায়।
ঘটনার সঙ্গে জড়িত বাকিরদেরকেও গ্রেপ্তারের চেষ্টা করছে থানা ও গোয়েন্দা পুলিশ। ভুক্তভোগী ফজলুর রহমান বাদী হয়ে এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় মোট চারজনকে আসামী করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার মূল হোতা এনায়েত ছিলেন ভুক্তভোগী ফজলুর রহমানের পূর্ব পরিচিত। সোর্সের মাধ্যমে ফজলুর রহমানের কাছে টাকা থাকার বিষয়টি নিশ্চিত হয় এনায়েত। ছিনতাইকারীরা মাইক্রোবাস স্ট্যান্ডের নৈশ প্রহরী এরশাদের মাধ্যমে গাড়িটি ঠিক করে।
বুধবার সকাল ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পূর্ব পাইকপাড়ার জামে মসজিদ রোড এলাকায় ফজলুর রহমানের কাছ থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৩৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফজলুল রহমানের বাড়ি জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামের আলী আহাদের ছেলে। তিনি পশ্চিম পাইকপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
ছিনতাইয়ের শিকার ফজলুর রহমান জানান, জমি বিক্রির টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য সকালে তিনি রিকশা যোগে রওয়ানা দেন। বাসার একটু সামনে আগে থেকে দাঁড়ানো কালো রংয়ের একটা হাইয়েক্স মাইক্রোবাসে থাকা তিনজন তার রিকশার গতিরোধ করে। পুলিশের ড্রেস পড়া একজন ও বাকি দু’জন ডিবি পুলিশ পরিচয় দিয়ে নাম জানতে চায়। নাম বলার পর সঙ্গে অবৈধ জিনিস আছে বলে তাকে জোর করে গাড়িতে তোলে। উঠতে না চাওয়ায় বেদম মারধর করা হয়।
তিনি বলেন, আমি চিৎকার করলেও পাশে থাকা কেউ এগিয়ে আসেনি। পওে ছিনতাইকারিরা ৩৫ লাখ ৭০ হাজার টাকার ব্যাগসহ তাকে গাড়িতে তোলে নিয়ে যায়। পরে টাকা রেখে পীরবাড়ি এলাকার একটু সামনে গাড়ি থেকে নামিয়ে দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ আসে। ঘটনার প্রত্যক্ষদর্শী আলিয়া বেগম ও সেন্টু মিয়া জানান, তারা ঘটনা দেখলেও পুলিশি পোশাক থাকায় ঝামেলা হতে পারে ভেবে কেউ এগিয়ে যাননি। অনেক পরে তারা জানতে পারেন এটি ছিলো মূলত একটি ছিনতাইয়ের ঘটনা।
এদিকে গত ২৪ মার্চ রাতে পুনিয়াউট এলাকায় ক্ষণিকা ডিস্ট্রিবিউশনে ব্যবস্থাপক জয়নাল আবেদীনের কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনতাই হয়। ছিনতাইকারিদের ছুরিকাঘাতে আহত জয়নাল আবেদীন ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে।
কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:১৫