বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি

কে হচ্ছেন পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী?

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‍ গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। ভোটগ্রহণ শেষ হওয়ার পর দুই দিন পেরিয়ে গেলেও ফলাফল নিয়ে নাটকীয়তা এখনও শেষ হচ্ছে না। এরই মধ্যে এই নির্বাচনের ফলাফল ঘিরে দেশজুড়ে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে ইমরান খানের দল পিটিআই। রিপোর্ট লেখা পর্যন্ত যে ফলাফল সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরাই স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। এরই মধ্যে সরকার গঠনের পরিকল্পনা করার ঘোষণা দিয়েছে পিটিআই।

এদিকে, ভোটের পবিত্রতা রক্ষার দাবিতে আজ রবিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইমরানের দল পিটিআই। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা না করা ও ফলাফলে জালিয়াতির অভিযোগে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে দলটি।

অন্যদিকে, আসন সংখ্যার দিক থেকে পিছিয়ে থাকলেও আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও জয় দাবি করেছেন। তিনি চেষ্টা করছেন বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে জোট করে সরকার গঠনের।

জানা গেছে, অন্তত ৮টি আসনের ফলাফল এখনও অপেক্ষমাণ। ইমরান খানের দল বেশি আসনে জয়ী হলেও নিয়ম অনুযায়ী তাদের জন্য সরকার গঠন অনিশ্চিত। কারণ দলীয়ভাবে নির্বাচনে অংশ নিতে না পারায় তারা সংরক্ষিত আসন পাবেন না। এতে পাকিস্তানে ২৪তম প্রধানমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে অনিশ্চয়তা কাটছেই না।

পাকিস্তানের জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা ৩৩৬টি। এর মধ্যে ২৬৬ আসনে সরাসরি নির্বাচন হয়। বাকি ৭০টি সংরক্ষিত আসন, যার মধ্যে ৬০টি নারীদের ও ১০টি অমুসলিমদের জন্য। এবার একটি আসনের নির্বাচন স্থগিত হওয়ায় মোট ২৬৫ আসনের ফলাফলের ওপর নির্ভর করতে হচ্ছে দলগুলোকে। নির্বাচনে এককভাবে বিজয়ী হতে অন্তত ১৩৪টি আসন পেতে হবে তাদের। আর পাকিস্তানের নির্বাচনী আইন অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীরা সংরক্ষিত আসন বরাদ্দ পেতে পারে না। মূলত ৭০টি আসন দলীয় শক্তি অনুযায়ী বণ্টন করা হয়। এর মধ্যে ২০টি আসন পেতে পারে নওয়াজ শরিফের দল।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, পাকিস্তানের কারাবন্দি বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল সমর্থিত প্রার্থীরা সরকার গঠনের পরিকল্পনা করছেন বলে সাবেক এই প্রধানমন্ত্রীর একজন সিনিয়র সহকারী শনিবার জানিয়েছেন। এছাড়া নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ না হলে সমর্থকদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করারও আহ্বান জানানো হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলেছে, ফলাফল ঘোষণা করা ২৫৬টি আসনের মধ্যে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯৩টি আসনে জয়ী হয়েছেন বলে জানানো হয়েছে। আর সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৭৩টি আসনে জয় পেয়েছে। এছাড়া প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টিও ৫৪টি আসনে জয় পেয়েছে বলে জানানো হয়েছে। বাকিগুলো ছোট কিছু দল জিতেছে।

মূলত ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) দল হিসেবে বৃহস্পতিবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। এমনকি তাদের নির্বাচনী প্রতীকও ছিনিয়ে নেয়া হয়েছিল। আর তাই ইমরানের দলের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে, ইমরান খান এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ উভয়ই শুক্রবার বিজয় ঘোষণা করেছেন। এই অবস্থায় কে পরবর্তী সরকার গঠন করবে তা নিয়ে অনিশ্চয়তা বেড়েছে, সেটিও আবার এমন এক সময়ে যখন দেশটিতে একাধিক চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত নীতিগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এমন অবস্থায় ইমরান খানের পাকিস্তান তেহরিক-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান গহর খান পাকিস্তানের ‘সমস্ত প্রতিষ্ঠানকে’ তার দলের ম্যান্ডেটকে সম্মান করার আহ্বান জানিয়েছেন। ব্যারিস্টার গহর সাবেক এ প্রধানমন্ত্রীর আইনজীবী হিসেবেও কাজ করেন।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, শনিবার রাতের মধ্যে ভোটের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা না হলে দলটি রবিবার সারাদেশে সরকারি অফিসের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ করবে। ইমরান খানের শত শত সমর্থক পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে দলের দুই নেতার নেতৃত্বে সমাবেশ করেছে। তারা অভিযোগ করেছেন, নির্বাচনে জয়ী হওয়া সত্ত্বেও তাদের পরাজিত ঘোষণা করা হয়েছে। ইমরান খানের সাবেক প্রাদেশিক মন্ত্রীদের একজন তৈমুর খান ঘাগরা বলেছেন, “আমরা কখনওই আশা করিনি, আমাদের সাথে এমনটি ঘটবে।” এ সময় বিক্ষোভকারীরা ভোট জালিয়াতির বিরুদ্ধে স্লোগান দেয়।

ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী এবং মিডিয়া উপদেষ্টা জুলফি বুখারি রয়টার্সকে বলেছেন, চূড়ান্ত ফল প্রকাশের পরের দিনই ঘোষণা করা হবে যে, কোনও দলীয় ব্যানারে তারা স্বতন্ত্রদের যোগ দিতে বলবে। সূত্র: ডন নিউজ, রয়টার্স

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৪/ দুপুর ১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit