বিনোদন ডেস্ক : ২০১৯ সালের শেষভাগ। সেলিব্রিটি ম্যানেজার রোহিনি আইয়ারের পার্টিতে পাশাপাশি দেখা যায় ঋত্বিক রোশন এবং দীপিকা পাডুকোনকে। একসাথে চকলেট কেক খাওয়ার খুনশুটিতে মেতে ছিল দু’জন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, ‘বাতাসের কারণে আগুন ছড়ানো’র মতো ভাইরাল হতে থাকে।
তার আগের মাসেই ‘ওয়্যার’ সিনেমায় ঋত্বিককে দেখে, ‘ডেথ বাই চকলেট‘ বলে আখ্যায়িত করেছিলেন নায়িকা। তারপর থেকেই দর্শক এই দু’জনকে পর্দায় একসাথে দেখার অপেক্ষায় ছিল। অবশেষে ভক্তদের আকাঙ্ক্ষা পূরণ হবে চলতি বছরের শুরুতেই।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ফাইটার সিনেমা প্রকাশ পেতে চলেছে ২৫ জানুয়ারি। মুক্তির আগেই বিনোদন মাধ্যমের শীর্ষ শিরোনাম দখল করে রয়েছে সিনেমাটি। সিদ্ধার্থ এবং ঋত্বিকের একত্রে কাজ করা ৩য় সিনেমা এটি। এর আগে ‘ব্যাঙ ব্যাঙ’ এবং ‘ওয়্যার’ দু’টো সিনেমাই বক্স অফিসে ভালো ব্যবসা করেছে।

সামরিক বিমান বাহিনীর সদস্যের ভূমিকায় অভিনয় করছে ঋত্বিক ও দীপিকা। তাদের মাখো-মাখো রোমান্সে মুগ্ধ দর্শক। ইতোমধ্যেই, সিনেমার গান সকলের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ট্রেইলারের অ্যাকশনও নজর কেড়েছে। এছাড়া সিনেমায় অভিনয় করেছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয় সহ অনেকে। তারা প্রত্যেকেই ভারতের বিমান বাহিনীর অফিসারের ভূমিকায় অভিনয় করছেন।
তথ্যসূত্র:কোইমোই.কম
কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৩০