সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

ডায়রিয়া হলে কী করবেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ডায়রিয়া পানিবাহিত রোগ। অতিরিক্ত গরমের সময় বিভিন্ন কারণে মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে। এ ছাড়া নানাভাবে পানিবাহিত রোগ ছড়ায়। দূষিত পানি পান করে অনেকেই ডায়রিয়া, কলেরা, টাইফয়েডসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হন। ভালোভাবে হাত-মুখ না ধুয়ে খাবার খেলে পানিবাহিত রোগের জীবাণু পেটে গিয়ে সংক্রমণ ঘটাতে পারে। 

হাটবাজারে, রাস্তায়, বিভিন্ন ফুটপাতে অনেক হোটেল-রেস্তোরাঁয় খাবার রান্নায় বিশুদ্ধ পানি ব্যবহার করা হয় না। কেউ কেউ আবার ফুটপাতে ফলমূল (পেঁপে, পেয়ারা, শসা ইত্যাদি) কেটে দূষিত পানি দিয়ে ধুয়ে বিক্রি করেন। এমনকি দূষিত পানি দিয়ে শরবতও বানান অনেকে। এসব উৎস থেকে লোকজন নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। তাই এসব নিয়ে আমাদের সচেতন হতে হবে।

ডায়রিয়া হলে কী করবেন-

ডায়রিয়া হলে প্রচুর পরিমাণে তরল খাবার গ্রহণ করতে হবে। প্রতিবার পাতলা পায়খানার পর অন্তত ২০০ মি.লি. বা ১ গ্লাসের মতো খাবার স্যালাইন পান করুন। * ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর পানি ও লবণ বেরিয়ে যায়। তাই স্যালাইনের পাশাপাশি বারবার বেশি বেশি তরল খাবার যেমন : ভাতের মাড়, চিড়ার পানি, ডাবের পানি, তাজা ফলের রস (কমলা, মাল্টা, ডালিম কিংবা তরমুজের জুস), স্যুপ, টকদই, ঘোল, লবণ-গুড়ের শরবতসহ যে কোনো তরল খাবার ডায়রিয়া রোগীর জন্য ভালো। * তরল জাতীয় খাবারের পাশাপাশি স্বাভাবিক খাবার চালিয়ে যেতে হবে (যদি রোগী বমি না করে)। * বাড়ির কাজের লোক, রেস্তোরাঁর রাঁধুনি কিংবা পরিবেশনকারী অর্থাৎ খাবার তৈরির সঙ্গে যারা সরাসরি জড়িত তাদের ডায়রিয়া দেখা গেলে সম্পূর্ণ সুস্থ হওয়ার আগ পর্যন্ত তাদের কাজ বন্ধ রাখুন কিংবা ছুটির ব্যবস্থা করুন। একেবারেই যদি কাজ বন্ধ করা অসম্ভব হয়, সেক্ষেত্রে তৈরির আগে এবং পরে খুব ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়া অবশ্যই নিশ্চিত করুন।

ডায়রিয়া হলে কী করবেন না-

ডায়রিয়ার শুরুতেই কিংবা চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়া একদমই উচিত নয়। * আবার অনেকে দ্রুত ডায়রিয়া বন্ধ হওয়ার জন্য ওষুধ খান যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। এসব ওষুধ ব্যবহারের ফলে শিশুদের অন্ত্রনালি পেঁচিয়ে গিয়ে মারাত্মক সমস্যা সৃষ্টি হতে পারে। * ডায়রিয়া হলে ভাজা-পোড়া বা ঝাল মসলাদার বাইরের খাবার না খেয়ে, বাড়িতে রান্না সহজপাচ্য খাবার খাওয়া ভালো। 

ডায়রিয়ার চিকিৎসা কী-

মনে রাখতে হবে, খাবার স্যালাইনের মাধ্যমে শরীরের পানিশূন্যতা পূরণ করাই ডায়রিয়ার প্রধান চিকিৎসা। শুরুতেই ওরস্যালাইন ব্যতীত অন্য কোনো ওষুধ যেমন অ্যান্টিবায়োটিক খাবার প্রয়োজন নেই। ডায়রিয়া শুরু হওয়ার পর রোগীর শরীরে প্রাথমিকভাবে পানির ঘাটতি দেখা যায়। তাই ডায়রিয়ার শুরুতে রোগীকে ২-৩ লিটার (৮ থেকে ১২ গ্লাস) স্যালাইন ও তরল খাবার খাওয়ানোর মাধ্যমে এই ঘাটতি পূরণ করতে হবে। পাশাপাশি প্রতিবার পাতলা পায়খানার পর অন্তত ২০০ মি.লি. বা এক গ্লাসের মতো খাবার স্যালাইন পান করতে হবে। মনে রাখতে হবে, যদি মুখে খাবার স্যালাইন খাওয়ার মাধ্যমে শরীরে পানিশূন্যতাকে পূরণ করা সম্ভব হয়, তবে রোগীকে হাসপাতালে নিয়ে শিরাপথে স্যালাইন দেওয়ার হয়তো প্রয়োজন হবে না। তাই মুখে বারবার খাবার স্যালাইন খাওয়াকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে। তবে ডায়রিয়া যদি তীব্র হয় বা কলেরা দেখা দেয়, শরীরে তীব্র পানিশূন্যতার লক্ষণ দেখা যায় তখন রোগীকে হাসপাতালে নিতে হবে।

কখন হাসপাতালে যাবেন-

ডায়রিয়া রোগীর যথেষ্ট প্রস্রাব হচ্ছে কি না বা পরিমাণ কমে যাচ্ছে কি না তা খুব গুরুত্বের সঙ্গে লক্ষ্য রাখতে হবে। ডায়রিয়া শুরুর পর যদি প্রস্রাব কমে যায় বা বন্ধ হয়ে যায় তবে দ্রুত হাসপাতালে নিতে হবে। * এ ছাড়া যদি তীব্র পানিশূন্যতার লক্ষণ যেমন : রক্তচাপ কমে যাওয়া, বুক ধড়ফড় করা, অতিরিক্ত পিপাসা লাগা, মুখ শুকিয়ে যাওয়া বা জিহ্বা ও ত্বক শুষ্ক হয়ে যাওয়া, চোখ গর্তে ঢুকে যাওয়া, শরীর নিস্তেজ হয়ে পড়া, পায়খানার সঙ্গে রক্ত যাওয়া কিংবা অজ্ঞান হয়ে গেলে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে দেরি করবেন না।

* শিশুরা ডায়রিয়ায় দ্রুত পানিশূন্য হয়ে পড়ে, এমনকি প্রাণহানির আশঙ্কাও থাকে। শিশুদের ক্ষেত্রে নিস্তেজ হয়ে পড়া, প্রস্রাব কমে যায় বা বন্ধ হয়ে যাওয়া, অস্থিরতা, খিটখিটে মেজাজ বা নিস্তেজ হওয়া, চোখ গর্তে ঢোকা, তৃষ্ণার্ত ভাব বা একেবারেই খেতে না পারা, চামড়া ঢিলা হওয়া ইত্যাদি লক্ষণগুলোর একটি দেখা দিলে শিশুকে দ্রুত হাসপাতালে নিতে হবে।

খাবার স্যালাইন তৈরি ও খাবার নিয়ম : স্যালাইন তৈরিতে বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে। সঠিক পদ্ধতিতে হাত সাবান দিয়ে ধুয়ে স্যালাইন তৈরি করতে হবে। * খাবার স্যালাইন অবশ্যই ৫০০ মি.লি. অর্থাৎ আধা লিটার পানিতে গোলাবেন। প্রতিবার পাতলা পায়খানার পর সেখান থেকে ২০০ মি.লি. বা এক গ্লাসের মতো খাবার স্যালাইন খাবেন।

* পানিতে গোলানো স্যালাইন ৬ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত ভালো থাকে, তাই গোলানো স্যালাইন ৬ ঘণ্টা পর ফেলে দিয়ে নতুন করে আবার স্যালাইন তৈরি করা উচিত।

* যদি স্যালাইন কেনা না থাকে, তবে এক লিটার পানির সঙ্গে এক মুঠো গুড় বা চিনি ও এক চিমটি লবণ মেশালেই তৈরি হয় খাওয়ার স্যালাইন। প্রাথমিক চিকিৎসায় এটা ডায়রিয়া রোগীর জীবন বাঁচাতে পারে।

ডায়রিয়া প্রতিরোধে করণীয়-

বিশুদ্ধ পানি বা ফুটানো পানি পান করুন। খাবার ও পানি পানের পাত্র বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। * পরিষ্কার স্থানে এবং সঠিক পদ্ধতিতে খাবার সংরক্ষণ করুন। খাবার সব সময় ঢেকে রাখা উচিত। * মলত্যাগ করার পর সাবান দিয়ে হাত ধুলে ডায়রিয়া হওয়ার আশঙ্কা ৪০ শতাংশ কমে যায়। তাই বড়দের পাশাপাশি শিশুদেরও খাওয়ার আগে ও পরে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নখের নিচ ও আঙুলের ফাঁকের অংশ ভালোভাবে পরিষ্কার করতে হবে। দুই হাত কবজি পর্যন্ত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন। পায়খানার পরেও ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। * বাড়ির পানির লাইন পরীক্ষা করুন। পানির ট্যাংকি পরিষ্কার করুন। তাই সচেতন হোন।

লেখক : প্রভাষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, পপুলার মেডিকেল কলেজ, ঢাকা।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৩/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit