আন্তর্জাতিক ডেস্ক : দুর্গাপূজায় শামিল হলেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেত্তি। সম্প্রতি দিল্লির চিত্তরঞ্জন পার্কের একটি মণ্ডপ পরিদর্শন করেছেন তিনি। একইসঙ্গে অংশ নিয়েছেন ধুনুচি নাচেও। গত শনিবার (২১ অক্টোবর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে সেই মুহূর্ত ভাগ করে নিয়েছেন এরিক।
তার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, মণ্ডপে বাঙালি কায়দায় স্বাগত জানানো হয় মার্কিন রাষ্ট্রদূতকে। সেখানে আরতি করেন তিনি। প্যান্ডেলের ভেতর মানুষের সঙ্গে নাচ-গান করেন। অংশ নেন ধুনুচি নাচেও। রীতিমতো দক্ষ নৃত্যশিল্পীদের মতোই নাচতে দেখা গেছে এরিককে।
এরপর মঞ্চে থাকা শিশুদের সঙ্গে কথা বলেন এরিক, ছবি তোলেন। সবশেষে প্যান্ডেলে থাকা কলকাতার বিভিন্ন স্ট্রিট ফুডের স্টল থেকে ঝালমুড়ি, বিরিয়ানি, মাছ এবং মিষ্টি খান। ভিডিওটি পোস্ট করে মার্কিন রাষ্ট্রদূত ক্যাপশনে লেখেন, ‘সবাইকে পূজার শুভেচ্ছা।’ অবশ্য দুর্গাপূজা ছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় নানা ধরনের অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি।
কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৩