স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের অধিনায়ক বিশ্বকাপে ব্যাট হাতে এখনও জ্বলে উঠতে পারেননি। তবে যেকোনো সময় দেখা যেতে পারে তার ঝলক। রাত পোহালে যখন ভারতের সঙ্গে টাইগারদের ম্যাচ, তখন সবারই জানার কৌতুহল, বিরাট কোহলির চোখে সাকিব কেমন ক্রিকেটার? আবার সাকিবের কাছে কোহলিই বা কেমন?
আগামীকাল সাকিবের সামনে সেই সুযোগ থাকছে। এদিন বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে পুনেতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সাকিব নিশ্চয়ই আরেকবার কোহলিকে আউট করার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না!
বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচ সামনে রেখে ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস দুজনের ভক্ত-সমর্থকদের সেই জানার সুযোগ করে দিয়েছে। চ্যানেলটির একটি প্রমোশনাল ভিডিওতে সাকিবকে নিয়ে কোহলি তার মতামত দিয়েছেন। কোহলির মতে, ‘সে (সাকিব) অনেক অভিজ্ঞ ক্রিকেটার। তার বিপক্ষে আমি অনেক খেলেছি। তার নিয়ন্ত্রণ দারুণ। অনেক অভিজ্ঞ বোলার সে।’
ব্যাটারকে বিভ্রান্ত করতে পারা সাকিবের বোলিংয়ের অন্যতম শক্তি। কোহলিও সেটাই মনে করিয়ে দিয়েছেন, ‘নতুন বলে সে দারুণ বোলিং করে থাকে। ব্যাটারকে বিভ্রান্ত করতে পারে। খুবই ইকোনোমিক্যাল বোলিং করে সে। সব বোলারের বিপক্ষে নিজের সেরা খেলাটা খেলতে হয়। যদি না পারেন তাহলে চাপে ফেলবে এবং আপনাকে আউট করার সুযোগ বেড়ে যাবে।’
অন্যদিকে কোহলিকে আধুনিকে ক্রিকেটের সেরা ব্যাটার মনে করেন সাকিব। ভারতীয় তারকাকে নিয়ে সাকিবের মত, ‘সে (কোহলি) বিশেষ একজন ক্রিকেটার। সম্ভবত আধুনিক ক্রিকেটের সেরা ব্যাটার সে। আমি ভাগ্যবান তাকে ৫ বার আউট করতে পেরে। যদি তার উইকেট পাই তাহলে দারুণ ব্যাপার হবে।’
কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:২১