স্পোর্টস ডেস্ক : ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ইগা সোয়াতেক। গতবারের চ্যাম্পিয়ন আজ সকালে লাটভিয়ার ইয়েলেনা ওস্তাপেঙ্কোর কাছে প্রথম সেটে জিতে এগিয়ে গেলেও পরের দুই সেট হেরে ঝড়ে পড়েন।
চতুর্থ রাউন্ডে উঠে আসার পথে প্রথম তিন ম্যাচে একটি সেটও হারেননি সোয়াতেক। বোঝাই যাচ্ছিল, দারুণ ফর্মেই আছেন। আগের তিন মুখোমুখি ওস্তাপেঙ্কোকে হারাতে না পারা সোয়াতেক এবার প্রথম সেট ৬-৩ এ জিতে এগিয়ে যান। কিন্তু দারুণ ভাবে ঘুরে দাড়িয়ে ৬-৩, ৬-১ গেমে জিতে নেন ম্যাচ। এই হারে সোয়াতেক শুধু ইউএস ওপেন থেকে বিদায়ই নেননি, নারী টেনিসের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানও হারাবেন। ইউএস ওপেন শেষে হালনাগাদ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে আসবেন বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা। এর মধ্য দিয়ে সোয়াতেকের ৭৫ সপ্তাহ র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার ইতি ঘটবে।
ওদিকে পুরুষদের এককের দ্বিতীয় বাছাই নোভাক জকোভিচ উঠেছেন কোয়ার্টার ফাইনালে। ক্রোয়েশিয়ার বোর্না গোয়োকে ৬-২, ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি। শেষ আটে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিৎজের সঙ্গে খেলবেন সার্বিয়ান কিংবদন্তী।