স্পোর্টস ডেস্ক : হঠাৎ করেই নিজ দেশ ইতালির দায়িত্ব ছেড়ে দিয়েছেন রবের্তো মানচিনি। গতকাল ইতালিয়ান ফুটবল ফেডারেশন এই খবর জানায়। মানচিনির এভাবে দায়িত্ব ছাড়ার বিষয়টি তাৎক্ষণিক জানা না গেলেও খুব বেশি সময় অপেক্ষাও করতে হলো না। এই ইতালিয়ান আসলে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন।
সৌদি আরব জাতীয় দলের কোচ হচ্ছেন ৫৮ বছর বয়সী মানচিনি, এমন খবর প্রকাশ করেছে স্বয়ং মধ্যপ্রাচ্যের দেশটির গণমাধ্যম। গত মার্চে হার্ভে রেনার্ড সৌদি আরবের দায়িত্ব ছাড়েন। এরপর থেকে দলটির ডাগআউট ফাঁকা রয়েছে।
মানচিনি যদি সত্যিই দায়িত্ব নেন তাহলে সৌদি আরবের প্রথম ইতালিয়ান কোচ হবেন তিনি। আর তার প্রথম এসাইনমেন্ট হবে এশিয়ান কাপ ও বিশ্বকাপের যৌথ বাছাই।
২০১৮ সালে ইতালির দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। তার কোচিংয়ে ২০২০ ইউরো জয় করে দেশটি। কিন্তু ২০২২ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় দল।
এনিয়ে ইতালিয়ান সংবাদমাধ্যমের চাপের মুখে পড়েন মানচিনি। তবে ইতালির ফুটবল ফেডারেশন তার ওপর আস্থা রাখে। ২০২৬ সাল পর্যন্ত ইতালির কোচ হিসেবে চুক্তির মেয়াদ ছিল তার।
কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:২৮