লাইফ ষ্টাইল ডেস্ক : বর্ষাকাল ত্বকের জন্য খুব সুবিধার নয়। এই গরম, আর্দ্রতা ও ভাপসা আবহাওয়ায় ত্বকের সংক্রমণসহ নানা ধরনের চর্মরোগ হয়ে থাকে ৷ ঘামে ভেজা শরীর বা কাপড়ের কারণে অনেক সময় ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ হয় ত্বকে।
এই সময় ঘামাচি, চুলকানি ও খোস-পাঁচড়া, ব্রণ, দাদ ইত্যাদি চর্মরোগ বেশি হয়ে থাকে।
বর্ষাকালে লাগাতার বৃষ্টির কারণে প্রায়ই রাস্তাঘাট পানিতে ডুবে থাকে। রাস্তার এসব ময়লা পানি ত্বকে লাগলে মারাত্মক সংক্রমণ হতে পারে।
ত্বক ভেজা থাকলে সহজেই ছত্রাক ও ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে। এছাড়া ভ্যাপসা গরমের কারণে এ সময় বেশি ঘামে মানুষ। তাই ত্বকের রোগও হয় বেশি।
ত্বকের সংক্রমণের অন্যতম কারণ অপরিচ্ছন্ন জীবনযাপন। এছাড়া এই রোগে আক্রান্ত রোগীর সঙ্গে একসঙ্গে বিছানায় ঘুমালে বা ব্যবহারকৃত কাপড় অন্য কেউ ব্যবহার করলে খুব সহজেই এ রোগ ছড়াতে পারে।
১. বর্ষায় ছত্রাকঘটিত সংক্রমণ এড়াতে সব সময় সুতির পোশাক পরা জরুরি। সিন্থেটিক, জর্জেট, সিল্কের পোশাক যতটা সম্ভব কম পরাই ভাল। পোশাকের সঙ্গে ত্বকের ঘষা লেগে সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যায়। তার চেয়ে সুতির পোশাক পরার অভ্যাস করুন।
২. ছত্রাকঘটিত সংক্রমণের অন্যতম কারণ হল অপরিচ্ছন্নতা। অপরিষ্কার থাকলে এ ধরনের রোগবালাইয়ের ঝুঁকি আরও বেড়ে যায়। তাই বগলের নিচে বা যেখানে ঘামে বেশি সে জায়গাগুলো পরিস্কার রাখা উচিত।
৩. প্রয়োজনে দিনে দুবার গোসল করুন। জীবাণুনাশক সাবান ব্যবহার করতে পারেন। ঘামে বা বৃষ্টিতে ভিজলে ত্বক ধুয়ে শুকিয়ে নিন।
৪. বর্ষার এই সময় সারা দিন জুতা-মোজা না পরে বরং খোলা স্যান্ডেল পরা ভালো। তবে খালি পায়ে হাঁটা উচিত না। রাস্তায় বৃষ্টির নোংরা পানি জমে থাকে। তাই পায়ের ত্বককে এই নোংরা পানি থেকে বাঁচিয়ে রাখুন।
৫. পরিবারের কারও ছত্রাক সংক্রমণ বা চর্মরোগ হয়ে থাকলে শিশুদের তার কাছ থেকে দূরে রাখুন।
৬. বর্ষায় বেশি বেশি করে মৌসুমি ফল-মূল, সবজি খাওয়া উচিত এবং প্রচুর পরিমাণে পানি পান করা উচিত।
কিউএনবি/অনিমা/৩০ জুলাই ২০২৩,/সকাল ১১:৩৬৬