স্পোর্টস ডেস্ক : রোববার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। ম্যাচটি মাঠে গড়ানোর আগেই শুরু হয় বৃষ্টি। তবে কিছুক্ষণ পরে বৃষ্টি থামলে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। টস জিতে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
ব্যাটিংয়ে নেমে ১৫.১ ওভার পর্যন্ত ২ উইকেটের বিনিময়ে ৪০ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপরে আবারও শুরু হয় বৃষ্টি। তাতে খেলা ৫০ ওভার থেকে কমিয়ে ৪৪ ওভারে আনা হয়। তবে শেষ পর্যন্ত ৪৪ ওভার পর্যন্ত ব্যাটিংয়ে থাকতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ৪৩ ওভারে ১৫২ রান তুলতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এছাড়া ৪৫ বলে ২৭ রান করেন ফারজানা হক। এ দিন ওপেনিংয়ে নেমে ব্যর্থ হয়েছেন শারমিন আক্তার। ১৮ বল খেলে তিনি রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। আরেক ওপেনার মুর্শিদা খাতুন ৩০ বলে মাত্র ১৩ রান করে আউট হয়েছেন।এরপরে ফারজানা ও নিগার সুলতানা কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও বেশি দূর যেতে পারেননি তারা।
এ জুটি থেকে বাংলাদেশ সংগ্রহ করে ৭৪ বলে ৪৯ রান। দলীয় ৬৩ রানে ফারজানা বিদায় নিলে উইকেটে থিতু হতে পারেননি আর কেউই। বাংলাদেশের অধিনায়ক ৬৪ বলে ৩ চারের সাহায্যে ৩৯ রান করে আউট হলে উইকেটে আসা-যাওয়ার মিছিল শুরু হয়। শেষ পর্যন্ত ১ ওভার বাকি থাকতে ১৫২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন আমনজোত কৌর।
কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২৩,/বিকাল ৪:০০