আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় রাজধানী রিয়াদে দুই ইয়েমেনি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। শনিবার (২৪ জুন) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে।
রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া জানায়, দণ্ডপ্রাপ্তরা হলেন আবদুল রহমান ফারেস আমের আল-মারি এবং মোহাম্মদ সালাহ ওমর আল-মারি। তাদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দেওয়া, সমর্থন করা এবং আনুগত্যের প্রতিশ্রুতি রাখায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
এসপিএ জানায়, দণ্ডপ্রাপ্ত আবদুল রহমান সৌদিতে অভিযান চালানো এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করার জন্য একটি সন্ত্রাসী গোষ্ঠী প্রতিষ্ঠা করেছিলেন। তাকে অস্ত্র ও বিস্ফোরক রাখা, ওয়ান্টেড ব্যক্তিদের আশ্রয় দেওয়া এবং সন্ত্রাসবাদে অর্থায়নের জন্যও দোষী সাব্যস্ত করা হয়।
অপরদিকে মোহাম্মদ সালাহকে সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দেওয়ার পাশাপাশি সামরিক যানবাহন লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস স্থাপনের চেষ্টা এবং সন্ত্রাসী হামলায় তাদের লক্ষ্যবস্তু করতে তথ্য সংগ্রহের জন্য দোষী সাব্যস্ত করা হয়।
কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৩,/বিকাল ৪:০৬