স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার ফাইনালে উঠে এই প্রথমবার পরাজয়ের স্বাদ পেলেন হোসে মরিনহো। পর্তুগিজ কোচ আগের পাঁচবারই পেয়েছিলেন শিরোপার স্বাদ। কিন্তু গত রাতে ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার বিপক্ষে হেরেছে তার দল রোমা।
হারের পর রানার্সআপ মেডেলটি আর নিজের সংগ্রহে রাখেননি স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’। তার কাছে যে রানার্সআপ পদকের কোনো মূল্য নেই! মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পথে তাই স্মারকটি এক খুদে ফুটবল ভক্তকে ছুঁড়ে দেন তিনি।
হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় গত রাতে অনুষ্ঠিত ফাইনালে পেনাল্টি শুটআউটে ৪-১ গোলে জিতেছে সেভিয়া। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলের পর অতিরিক্ত সময়ও ওই স্কোরলাইনে শেষ হয়।
গত মৌসুমে রোমাকে উয়েফা কনফারেন্স লিগের অভিষেক আসরে চ্যাম্পিয়ন করেন মরিনহো। এর আগে এফসি পোর্তোর হয়ে উয়েফা কাপ (বর্তমান ইউরোপা লিগ) ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপা লিগ জিতেছিলেন তিনি।
মরিনহোর দল রোমাকে হারিয়ে সেভিয়া ইউরোপা লিগে রেকর্ড সপ্তম শিরোপার স্বাদ পেয়েছে। দলটি যখন ট্রফি উঁচিয়ে ধরার অপেক্ষায়, তখন রানার্সআপ মেডেল হাতে নিয়ে গ্যালারির কাছে পৌঁছে যান মরিনহো। আঙুল ও চোখের ইশারায় সামনের সারিতে থাকা এক খুদে সমর্থককে চিহ্নিত করেন তিনি। এরপর মেডেলটি আলতো করে তার দিকে ছুঁড়ে দিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান। স্মারকটি পাওয়ায় অনুমিতভাবেই চওড়া হাসি দেখা যায় ওই ভক্তের মুখে।
কিন্তু মরিনহোর কাছে আসলে এই পদকের দাম নেই। ম্যাচ শেষে তিনি নিজেই বলেছেন, ‘হ্যাঁ (পদক) ছোড়ে মেরেছি। আমি হারের পদক চাই না, এগুলো সংরক্ষণও করি না, তাই দিয়ে দিয়েছি।
কিউএনবি/অনিমা/০১ জুন ২০২৩/দুপুর ২:৫৫