স্পোর্টস ডেস্ক : ফাইনালে শুভমন গিলের ঝড় দেখার অপেক্ষায় ছিলেন অনেকে। হালকা ঝলক শুরুও করেছিলেন। তবে থেমে গেছেন মাঝপথেই। আইপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে ৩৯ রানেই আউট এই ওপেনার। এই রানে জস বাটলারকে ছাড়িয়ে গেলেও, ছাড়াতে পারেননি বিরাট কোহলিকে।
আজ ফাইনালে শতক হাকালে ছুঁয়ে ফেলতেন বিরাট কোহলিকেও। এক আসরে তিনিও সর্বোচ্চ ৪টি শতকের দেখা পেয়েছিলেন। সেই আসরে তিনি করেছিলেন ৯৭৩ রান। তবে এবার সুযোগ ছিল তার দুটি রেকর্ডই ছাড়িয়ে যাবার। শুভমান গিল সেই পথেই হাটছিলেন। কিন্তু ফাইনালে এসে সেই চাপটা যেন আর নিতে পারলেন না। রবীন্দ্র জাদেজার করা ইনিংসের সপ্তম ওভারের শেষ বলে তিনি ধোনির স্টাম্পিংয়ের শিকার হন। তাতেই থেমে যায় কোহলিকে ছাড়িয়ে যাওয়ার গিল রথ।