আন্তর্জাতিক ডেস্ক : ৬৮ বছর বয়সী লুকাশেঙ্কোর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বেলারুশের বিরোধী নেতা ভ্যালেরি তিসেপকালো। তিনি গত শনিবার (২৭ মে) টেলিগ্রাম পোস্টে এসব কথা জানান। ২০২০ সালে বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে লুকাশেঙ্কোর প্রতিদ্বন্দ্বী ছিলেন ভ্যালেরি।
টেলিগ্রাম পোস্টে ভ্যালেরি লিখেছেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, মস্কোর সেন্ট্রাল ক্রিনিক্যাল হাসপাতালে জরুরিভিত্তিতে ভর্তি করা হয়েছে লুকাশেঙ্কোকে। তার শারীরিক অবস্থা সংকটজনক। লুকাশেঙ্কোর রক্ত পরিশোধন করা হয়েছে। পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে বেরোনোর পর তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
ভ্যালেরি আরও লেখেন, লুকাশেঙ্কোর শারীরিক অবস্থা একটাই সংকটজনক যে আপাতত তাকে অন্য কোথাও সরিয়ে নেওয়া সম্ভব নয়। তবে এসব তথ্য প্রাথমিক সূত্র থেকে পাওয়া, যাচাই করার প্রয়োজন রয়েছে বলেও পোস্টে উল্লেখ করেছেন ভ্যালেরি। তার এই পোস্ট টুইটারে শেয়ার করা হয়েছে। বেলারুশ রাশিয়ার প্রতিবেশী দেশ। ফলে রুশ ক্ষমতাসীনদের প্রভাব বেলারুশের ওপর সব সময়ই রয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ছিল বেলারুশ। সোভিয়েত ইউনিয়নের পতনের পর বেলারুশ স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।
১৯৯৪ সাল থেকে লুকাশেঙ্কো বেলারুশের ক্ষমতায় রয়েছেন। পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত তিনি। ইউক্রেন যুদ্ধে পুতিনকে সরাসরি সমর্থন দিয়েছেন তিনি। লুকাশেঙ্কোর শারীরিক অবস্থা নিয়ে এমন খবর এটাই প্রথম নয়। চলতি মাসের শুরুতে বিজয় দিবসের কুচকাওয়াজের আয়োজনে অংশ নিতে মস্কো গিয়েছিলেন লুকাশেঙ্কো। পরে দ্রুত দেশে ফিরতে হয় তাকে। এমনকি পুতিনের সঙ্গে পূর্বনির্ধারিত মধ্যাহ্নভোজে অংশ নেননি তিনি।
কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৩৩