আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধ বিমান চালাতে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আল জাজিরা জানিয়েছে, ইউক্রেনীয় নেতা জেলেনস্কি এক টুইটে বলেছেন, আমি হিরোশিমায় জি-৭ শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনার উপর নির্ভর করছি। অপরদিকে জো বাইডেন শুক্রবার জি-৭ নেতাদের বলেছেন, ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধ বিমান চালানোর বিষয়ে ইউক্রেনীয় পাইলটদের জন্য যৌথ সহযোগী প্রশিক্ষণ কর্মসূচি সমর্থন করে। সিনিয়র মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। তার পর থেকেই দেশটিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। তবে রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে পেরে উঠছিল না ইউক্রেন। এ অবস্থায় অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্র ও অন্য মিত্রদের কাছ থেকে ফাইটার জেট চেয়ে আসছিল ইউক্রেন। কিন্তু এত দিন দেশটিকে এফ-১৬ যুদ্ধ বিমান দিতে রাজি হয়নি কোনো দেশ। শেষ পর্যন্ত কিয়েভকে ফাইটার জেট এবং ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ দিতে সম্মতি দিল ওয়াশিংটন।
কিউএনবি/আয়শা/২০ মে ২০২৩,/সন্ধ্যা ৬:১৮