আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ও রাশিয়া একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, যার লক্ষ্য দুই দেশের মধ্যে বাণিজ্যের খরচ সহজীকরণ ও হ্রাস করা। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, শুক্রবার রাশিয়ার কাজান শহরে শেষ হওয়া মুসলিম দেশগুলোর জন্য তিন দিনের অর্থনৈতিক সম্মেলনের সময় এই চুক্তি স্বাক্ষরিত হয়। ৮৫ দেশের প্রতিনিধিরা সম্মেলনটিতে অংশগ্রহণ করেন। ব্যবসায়িক আইডিয়া শেয়ার করার জন্য প্ল্যাটফর্মটি তৈরি করা হয়।
ডন বলছে, উভয় দেশ পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় এবং রাশিয়ান ফেডারেশনের ফেডারেল কাস্টমস সার্ভিসের মধ্যে শুল্ক সহযোগিতা সংক্রান্ত প্রোটোকল স্বাক্ষর করেছে। এই প্রোটোকল দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি কাঠামো হিসেবে কাজ করবে।
পাকিস্তান ও রাশিয়ার মধ্যে পণ্যের সহজ আদান-প্রদানের সুবিধার পাশাপাশি প্রোটোকলটি রাশিয়ার বাজারে প্রবেশের পর পাকিস্তানি পণ্যের জন্য যথেষ্ট শুল্ক ছাড়ও দেবে।
কিউএনবি/অনিমা/২০ মে ২০২৩,/দুপুর ২:১২