আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে ২০২২ সালে সাত কোটি ১০ লাখেরও বেশি লোক আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। যা আগের বছরের চেয়ে ২০ শতাংশ বেশি। ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার (আইডিএমসি) এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (এনআরসি) যৌথ প্রতিবেদনে বৃহস্পতিবার (১১ মে) এ কথা বলা হয়েছে।
আইডিএমসি প্রধান আলেকজান্দ্রা বিলাক বলেছেন, এ সংখ্যা অতিমাত্রার। তিনি বলেন, অধিক হারে বাস্তুচ্যুতির মূল কারণ ইউক্রেন যুদ্ধ। এছাড়া রয়েছে পাকিস্তানের বন্যা, বিশ্বজুড়ে নতুন ও চলমান সংঘাত এবং আমেরিকা থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত ধীর ও আকস্মিক কিছু দুর্যোগ।
এনআরসি প্রধান জান এগল্যান্ড বাস্তুচ্যুতির এ উর্ধ্বগামিতাকে একটি পরিপূর্ণ ঝড় হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, দুর্যোগ ও সংঘাত যৌথভাবে জনগণের পূর্বে বিদ্যমান ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে । এ কারণে ব্যাপকহারে বাস্তুচ্যুতি ঘটছে যা আগে কখনও দেখা যায়নি।
সূত্র : সংবাদ সংস্থা বাসস
কিউএনবি/আয়শা/১২ মে ২০২৩,/বিকাল ৩:০৮