আন্তর্জাতিক ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তার দেশ চীনের ‘প্রতিশোধেমূলক পদক্ষেপে’ ভীত নয়। বরং কানাডাকে বিদেশি হস্তক্ষেপ থেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সবকিছু করবে তার সরকার। বুধবার (১০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত সোমবার এক সংসদ সদস্য ও তার পরিবারকে ভয় দেখানোর অভিযোগে চীনের কূটনীতিক ঝাও ওয়াইকে বহিষ্কার করে কানাডা। এরপর মঙ্গলবার সাংহাইয়ের কানাডিয়ান কনস্যুলেটে কর্মরত এক কূটনীতিককে বহিষ্কার করে চীন।
সংবাদ সম্মেলনে এসব বিষয় উঠে এলে ট্রুডো জানান, তার সরকার ‘সতর্ক বিবেচনার’ পর চীনা কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। অপর একটি সূত্র জানিয়েছে, টরন্টোয় চীনা কনস্যুলেটের ওই কর্মকর্তাকে পাঁচ দিনের মধ্যে কানাডা ছেড়ে যেতে বলা হয়েছে।
জাস্টিন ট্রুডো বলেন, আমরা ভীত নই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের স্পষ্ট বার্তা পৌঁছে দিতে একটি দায়িত্বশীল উপায়ে এগিয়ে যেতে হবে। তারা (বিদেশিরা) যাই করুক না কেন, আমরা ভীত নই।
প্রসঙ্গত, কানাডা ও চীনের মধ্যকার সম্পর্ক এমনিতেই ভালো যাচ্ছে না। কূটনৈতিক বহিষ্কারের ঘটনাটি দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। কানাডার এই সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়েছে চীন।
কিউএনবি/অনিমা/১০ মে ২০২৩,/বিকাল ৪:০৬