লাইফ ষ্টাইল ডেস্ক : গরম হল আমের মৌসুম। সারাবছর জুড়ে এই সময়টার জন্যই অপেক্ষা করেন আমপ্রেমীরা। বাজারে গিয়ে পাকা আম দেখলেই মন ভাল হয়ে যায় অনেকের। তবে বর্তমানে বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে আম পাকানো হয়। এসব খেয়ে দেখা দেয় নানারকম রোগবালাই। এমনকি ক্যান্সারের সম্ভাবনাও বেড়ে যায় এসব রাসায়নিক পাকানো আম খেলে।
ল্যাংড়া, হিমসাগর, আম্রপালি— আমের আকার ভিন্ন ভিন্ন হয়। তবে রাসায়নিক দিয়ে পাকানো আমের আকার কিন্তু সাধারণত ছোট হয়। আমের আকার খুব ছোট মনে হলে তা না কেনাই ভাল।
বাজার থেকে আম কিনে আনার পর অনেকেই তা পানিতে ডুবিয়ে রাখেন। আর এই পদ্ধতিতেই বোঝা যেতে পারে আম পাকাতে রাসায়নিক ব্যবহার করা হয়েছে কি না। যদি দেখেন আম পানিতে ডুবে যাচ্ছে, তা হলে বুঝবেন স্বাভাবিক নিয়মেই তা পেকেছে। যদি আম পানিতে না ডোবে, সে ক্ষেত্রে বুঝতে হবে, তা রাসায়নিক দিয়ে পাকানো।
বাইরে টুকটুকে হলুদ রং দেখে এক ঝুড়ি আম কিনে নেওয়া মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। কেনার আগে আম একটু কেটে নিন। যদি দেখেন আমের গায়ে সবুজ আভা রয়েছে, তা হলে তা ভুলেও কিনবেন না। এই সবুজ আভার কারণ হতে পারে কার্বাইডের মতো রাসায়নিক পদার্থ।
হলুদ রং ধরেছে মানেই আম সত্যি সত্যি পেকে গিয়েছে, তা কিন্তু নয়। তা বোঝার একটি উপায় হল আমের উপর চাপ দিয়ে দেখা। চাপ দিয়ে যদি নরম লাগে, তা হলে তা পাকা আম বলেই ধরে নেওয়া যায়। কিন্তু যদি তা না হয়, তা হলে নিশ্চিত তা রাসায়নিক ব্যবহার করেই পাকানো হয়েছে।
কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৩,/বিকাল ৫:৩৫