স্পোর্টস ডেস্ক : বেঙ্গালুরুর নিয়মিত অধিনায়ক ডু প্লেসি ইনজুরিতে পড়ায় গত দুই ম্যাচ ধরে আরসিবির অধিনায়কত্ব করছেন বিরাট কোহলি। তার অধীনে রাজস্থানের বিপক্ষে বেঙ্গালুরু জিতেছে ৭ রানে। তবে স্লো-ওভার রেটের কারণে বড় অঙ্ক জরিমানা গুনতে হয়েছে আরসিবি অধিনায়ককে।
কোহলিকে ২৪ লাখ ভারতীয় রুপি জরিমানার পাশাপাশি দলের বাকি সদস্যকেও জরিমানা করা হয়েছে। তবে তাদের জরিমানাটা কিছুটা কম। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে বাকি সদস্যদের। এমনকি ইমপ্যাক্ট খেলোয়াড়কেও জরিমানা গুনতে হয়েছে।
বিসিসিআই এক বিজ্ঞপ্তি দিয়ে জরিমানার বিষয়টি জানায়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইপিএলের ন্যূনতম ওভার-রেট সংক্রান্ত কোড অব কন্ডাক্টের আওতায় এটি তার দলের দ্বিতীয় অপরাধ বলে কোহলিকে ২৪ লাখ রুপি, একাদশের প্রতিটি সদস্যের সঙ্গে ইমপ্যাক্ট বদলিকে ৬ লাখ রুপি বা ম্যাচ শতাংশের ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।’
এবারের আইপিএলে ৭ ম্যাচে ৮ পয়েন্ট পেয়েছে আরসিবি। কোহলির দল অবস্থান করছে টেবিলের পঞ্চম স্থানে। আগামী ২৬ এপ্রিল কলকাতার বিপক্ষে পরবর্তী ম্যাচে নামবে বেঙ্গালুরু।
কিউএনবি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:০৮