স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে দেখা হচ্ছে ইন্তার মিলান ও এসি মিলানের।
ঘরের মাঠে বুধবার প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বেনফিকাকে ৩-৩ গোলে রুখে দিয়েছে ইন্তার। প্রথম লেগে বেনফিকার মাঠে ২-০ গোলে জেতায় ৫-৩ গোলের অগ্রগামিতায় ইন্তার পা রেখেছে শেষ চারে।
আগের দিন ইতালির আরেক ক্লাব নাপোলিকে হারিয়ে এসি মিলান উঠেছে সেমিতে। ২০০৫ সালের পর এই প্রথম ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় দেখা হবে দুই মিলানের।
ইন্তারের মাঠে বেনফিকা এদিন বেশ লড়াই করেছে। এক পর্যায়ে ইন্তার ৩-১ এ এগিয়ে ছিল। তবে শেষ দিকে দুই গোল করে ম্যাচ ৩-৩ এ শেষ করে বেনফিকা। কিন্তু প্রথম লেগের ফল পুড়িয়েছে পর্তুগিজ ক্লাবটিকে।
ইন্তারের পক্ষে গোলগুলো করেছেন নিকোলো বারেল্লা, লাওতারো মার্তিনেজ ও জোয়াকিন কোরেয়া। বেনফিকার পক্ষে গোল করেন ফ্রেডরিক অর্সনেস, আন্তোনিও সিলভা ও পিটার মুসা।
কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৩,/সকাল ৭:১০