স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ কিংবা কোপা দেল রেতে যতটা স্বতঃস্ফূর্ত রিয়াল মাদ্রিদ, ঠিক ততটাই যেন মলিন লা লিগায়। লিগ মিশনে এবারও বেশ পিছিয়ে লস ব্লাঙ্কোরা। মৌসুমের ১১ ম্যাচ বাকি থাকলেও চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে আনচেলত্তি বাহিনী। টেবিলের হিসেব কষলে এ অবস্থা থেকে শিরোপার স্বপ্ন দেখাটা কষ্টকরই মাদ্রিদিস্তাদের জন্য।
কিন্তু এখনই হাল ছাড়তে রাজি নন রিয়াল বস। ৯০ মিনিটের খেলায় যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে বলে বিশ্বাস করেন এই ইতালিয়ান। একই ভাবধারা তিনি ছড়িয়ে দিয়েছেন দলের মধ্যেও। বিশেষ করে এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করার পর আত্মবিশ্বাসী ফুটবলাররাও।
পুরো মৌসুমজুড়ে পারফরম্যান্সের উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে মাদ্রিদ। কিন্তু ক্লাসিকো এখন পর্যন্ত তাদের সেরা আউটিং। এ অবস্থায় আত্মবিশ্বাস তুঙ্গে ভিনি-বেনজুদের। এটাকেই ধারাবাহিকভাবে ধরে রাখতে চান আনচেলত্তি। আর ক্রুস-মদ্রিচদের মতো পরীক্ষিতরা দলে থাকায় কাজটা অনেকাংশেই সহজ রিয়ালের জন্য।
কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:০৮