সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

স্থানীয়দের হামলা: ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজ নিজ বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বহিরাগত প্রবেশ নিষিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার স্থানীয় বখাটেদের হামলায় বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী আহত হয়। ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজারে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের ‘ম্যানেজমেন্ট’ ও ‘ফিন্যান্স এন্ড ব্যাংকিং’ বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে তাদের উপর এলোপাথারি হামলা চালায় স্থানীয় কয়েকজন বখাটে।

ঘটনার পর রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বাদী হয়ে শৈলকূপা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েক জনকে আসামি করা হয়েছে।

এদিকে, মামলা দায়েরের পর রাতেই পুলিশি অভিযানে সন্দেহভাজন ঝন্টু ওরফে জাহাঙ্গীর হোসেন নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

উল্লেখ্য, স্থানীয় বখাটে দ্বারা শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাটি জানাজানি হলে রাতেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক প্রায় চার ঘন্টা অবরোধ করে রাখেন। একই সঙ্গে বহিরাগত মুক্ত ক্যাম্পাস, শিক্ষার্থী হামলার বিচার ও নিরাপদ ক্যাম্পাসসহ তিন দফা দাবি নিয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা হলে তারা শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। 

সেই আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে দাবি না মানা ও তিন দিনের মধ্যে আসামি গ্রেফতার না হলে পুনরায় আন্দোলনের আল্টিমেটাম দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে প্রধান ফটকসহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া ঘটনাটি নিয়ে আজ সন্ধ্যায় স্থানীয়দের সঙ্গে বসার কথা রয়েছে।

কিউএনবি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit