রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

জাপানকে আট গোল দিল ভারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : বিশ্বকাপ হকিতে জাপানকে ৮-০ গোলে হারিয়ে দিল ভারত। বৃহস্পতিবার এই খেলা অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ ০-০ হলেও, তৃতীয় কোয়ার্টার থেকে একের পর এক গোল করা শুরু হয়। শেষ পর্যন্ত গ্রাহাম রিডের ছেলেরা থামেন আট গোল দিয়ে। তবে শুরুর প্রতিরোধে যাবতীয় কৃতিত্ব জাপানের গোলরক্ষক তাকাশির। আর জোড়া গোল দিয়ে ম্যাচের সেরা হলেন অভিষেক। রৌরকেল্লায় এই জয় ধরলে মুখোমুখি সাক্ষাতে মোট ২৭ বার জাপানকে হারাল ভারত।

গত রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে থেকেও টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিলেন হরমনপ্রীত সিংরা। সে ম্যাচে টাইব্রেকারে গোলের নীচে দুর্ভেদ্য ছিলেন অভিজ্ঞ পি আর সৃজেশ। তিনিই দু’টি শট রুখে দিয়ে ভারতীয় দলের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন উস্কে দিয়েছিলেন। কিন্তু তৃতীয় শট রোখার সময় চোট পেয়ে বসেন সৃজেশ। পরিবর্ত হিসেবে নামা কৃষাণ পাঠক একটি গোল বাঁচালেও শেষরক্ষা করতে পারেননি। দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়ে যায় সেখানেই।

আশ্চর্যের ব্যাপার, ভারত ছিটকে গেলেও বীরসা মুন্ডা স্টেডিয়ামে এশিয়ান গেমস চ্যাম্পিয়ন জাপানের বিরুদ্ধে ভারতের খেলা দেখতে উপচে পড়েছিল দর্শক। ৩৩ মিনিটে ১-০ করেন মনদীপ সিং পেনাল্টি কর্নারে। আর ৩৬ মিনিটে ২-০ হয় অভিষেকের ফিল্ড গোলে। ৩-০ করেন পেনাল্টি কর্নারে প্রতিহত হওয়া বল পেয়ে বিবেক সাগর সুযোগ কাজে লাগানোয়। ৪৪ মিনিটে অভিষেকের দ্বিতীয় ও ভারতের চতুর্থ গোলও ফিল্ড গোল। যা তিনি করেন অসাধারণ একটা রিভার্স হিটে।

রৌরকেল্লায় একচেটিয়া দাপট দেখাতে থাকা ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিং একেবারে ঠিকঠাক পেনাল্টি কর্নারে কাজে লাগিয়ে ৫-০ করে দেন। মনপ্রীত সিংয়ের সৌজন্যে ৬-০ হয়। এটাও ফিল্ড গোল। দেখতে দেখতে ৫৯ মিনিটে হরমনপ্রীত আবার পেনাল্টি কর্নারে গোল করে দেন। ৭-০ এগিয়েও ভারতীয়দের আগ্রাসন থামেনি। যার ফল, ম্যাচের ঠিক এক ঘণ্টার মাথায় সুখজিৎ সিং ভারতের অষ্টম গোলটি করে যান।

ভারত যে দাপট দেখিয়ে জাপানকে ওড়াল, তাতে বিশ্বাস করাই কঠিন যে পেনাল্টি কর্নারে গোল করায় ব্যর্থতার মাসুল দিয়ে ভারত তাদের অভিযান শেষ করেছে কার্যত খালি হাতে। যে কারণে সান্ত্বনার ‘ক্লাসিফিকেশন’ ম্যাচ খেলতে হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit