আন্তর্জাতিক ডেস্ক :ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, বুধবার রাতে মাইকোলাইভে ১৩টি কামিকাজে ড্রোন ভূপাতিত করেছে তারা। মাইকোলাইভ অঞ্চলটি ইউক্রেনের দক্ষিণ দিকে অবস্থিত। কামিকাজে ড্রোনগুলো আত্মঘাতী ড্রোন হিসেবে পরিচিত।
এ ব্যাপারে টেলিগ্রামে দেওয়া একটি বিবৃতিতে ইউক্রেনীয় সেনাবাহিনী বলেছে, ১৮-১৯ অক্টোবর রাতে, শত্রুরা মাইকোলাইভ অঞ্চলে শহীদ-১৩৬ কামিকাজে ড্রোন দিয়ে দুইবার হামলা চালিয়েছে। ১১টি ড্রোন ভূপাতিত করেছে ‘দক্ষিণ’ এয়ার ডিফেন্স। দুটি ভূপাতিত করেছে ইউক্রেন ন্যাশনাল গার্ড এবং স্টেট বর্ডারের সদস্যরা।
এর আগের পোস্টে জানানো হয়েছিল, সেনাবাহিনী ১২টি ড্রোন ভূপাতিত করেছে। ইউক্রেনের সেনাবাহিনীর এ দাবির সত্যতা অবশ্যই যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।গত কয়েকদিন ধরে কামিকাজে ড্রোন ব্যবহার করে ইউক্রেনের জ্বালানি স্থাপনার ওপর হামলা চালাচ্ছে রাশিয়া। এসব হামলার কারণে রাজধানী কিয়েভসহ বড় শহরগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সাধারণ মানুষদের প্রতি আহ্বান জানিয়েছ্নে তারা যেন জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হন।
সূত্র: সিএনএন
কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৫