আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে ন্যাটোর সৈন্যদের সরাসরি সংঘর্ষ খুবই বিপজ্জনক পদক্ষেপ হবে এবং বিষয়টি ‘বৈশ্বিক বিপর্যয়ের’ দিকে পরিচালিত করবে। শুক্রবার কাজাখস্তানে আঞ্চলিক নেতাদের সঙ্গে সম্মেলনের পর সাংবাদিকদের এসব কথা বলেছেন ভ্লাদিমির পুতিন। তিনি আরো বলেছেন, ইউক্রেনের ওপর আর বড় ধরনের হামলার প্রয়োজন নেই।
পুতিন বলেছেন, রুশ সামরিক বাহিনী কর্তৃক ইউক্রেনের ২৯ নির্ধারিত লক্ষ্যবস্তুর মধ্যে ২২টি ধ্বংস হয়েছে।ইউক্রেনকে ধ্বংস করা তাঁর লক্ষ্য নয় বলেও জানান তিনি। আগামী দুই সপ্তাহের মধ্যে তিন লাখ রিজার্ভ সেনা একত্রিত করা হবে। এর আগে পুতিন সতর্ক করে দিয়ে বলেছিলেন, তিনি ইউক্রেনের যে চারটি অঞ্চলকে সংযুক্ত করেছেন, রাশিয়ার সেই ‘ভূখণ্ড’ রক্ষার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবেন না।
গত সোমবার ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। রাশিয়া ও ক্রিমিয়াকে যুক্ত করা গুরুত্বপূর্ণ সেতুতে বিস্ফোরণ ঘটানোর জবাবে এমন হামলা হয়েছে বলে জানান পুতিন। ইউক্রেন ওই ঘটনায় সন্তুষ্টি প্রকাশ করলেও হামলার দায় স্বীকার করেনি। রুশ বাহিনীর স্থবিরতার মধ্যে ইউক্রেনীয় সেনাদের অগ্রাভিযানের প্রেক্ষাপটে যুদ্ধ নিয়ে পুতিনের এ বক্তব্য এলো।
সূত্র : এনডিটিভি, বিবিসি।
কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০