আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বন্দিবিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। ইউক্রেন নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বৃহস্পতিবার এ ধন্যবাদ জ্ঞাপন করেন। খবর আনাদোলুর।
বন্দিবিনিময়ের অংশ হিসেবে রাশিয়া ২১৫ ইউক্রেনিয়ানকে মুক্ত করেছে। এর মধ্যে পাঁচজন কমান্ডারও রয়েছেন। তারা এই বছরের শুরুর দিকে দক্ষিণের বন্দর শহর মারিউপোলে ইউক্রেনীয় প্রতিরক্ষার নেতৃত্ব দিয়েছিলেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং মরক্কোসহ বেশ কিছু দেশের যুদ্ধবন্দি রয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে ইউক্রেনে বন্দি হওয়ার পর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং ভাড়াটে হিসেবে অভিযুক্ত করা হয়েছিল।
ইউক্রেন ৫৫ রাশিয়ান, মস্কোপন্থি ইউক্রেনীয় ও ভিক্টর মেদভেদচুককে ফেরত পাঠিয়েছে। তিনি একটি নিষিদ্ধ রুশপন্থি দলের নেতা, যিনি রাষ্ট্রদ্রোহের অভিযোগের মুখোমুখি ছিলেন।
কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৩