স্পোর্টস ডেস্ক : গত সপ্তাহে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে পাকিস্তানের হারের পর এক ভারতীয় সাংবাদিকের সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগ উঠেছিল পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার বিরুদ্ধে। সেই সাংবাদিকদের প্রশ্ন শুনে ক্ষুব্ধ রমিজ রাজা তার মোবাইল কেড়ে নেন বলে অভিযোগ ওঠে। বিতর্কিত এই প্রসঙ্গে এবার মুখ খুললেন রামিজ। তিনি পাল্টা অভিযোগ তুলেছেন সেই ভারতীয় সাংবাদিকের বিরুদ্ধে।
খেলোয়াড়ি জীবনে দক্ষ ব্যাটার হিসেবে সুনাম ছিল রমিজের। ২২ গজের লড়াইয়ে বিপক্ষের বোলারদের অনায়াসে বাউন্ডারির বাইরে পাঠাতেন। সেভাবেই হয়তো ভারতীয় সাংবাদিককে উড়িয়ে দিতে চেয়েছিলেন রমিজ। এটা করতে গিয়েই জন্ম দেন বিতর্কের। ওই ঘটনা নিয়ে এবার রামিজ বলেন, ‘এ ধরনের প্রশ্ন উসকানিমূলক। মনের মধ্যে বিদ্বেষ থাকলে এসব প্রশ্ন মাথায় আসে। ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি এটা নিয়ে আর আলোচনা চাই না। ’
এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের হারের পর ভারতের এক সাংবাদিক রমিজকে প্রশ্ন করেন, ‘দলের হারে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা অত্যন্ত ক্ষুব্ধ। আপনি কি তাদের কোনো বার্তা দেবেন?’ ভারতীয় সাংবাদিকের এই কথা শুনেই মেজাজ হারান রমিজ। তিনি আরো বলেছেন, ‘তার প্রশ্ন সঠিক ছিল না। ওই সাংবাদিকের কাছে জানতে চেয়েছিলাম, উনি কিভাবে জানলেন পাকিস্তানের সব সমর্থক ক্ষুব্ধ? স্টেডিয়ামে উনি তো সাধারণ সমর্থকদের সঙ্গে বসেননি। তাহলে খেলা শেষ হতেই তিনি কিভাবে সমর্থকদের বক্তব্য জানলেন?’
কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০