বিনোদন ডেস্ক : বন্দুক ঠেকিয়ে হাত-পা বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল কোটি টাকার গয়না। সেই ভয়ংকর ডাকাতির প্রায় এক দশক পর প্যারিসের আদালতের রায়ে ক্ষতিপূরণ হিসেবে কিম কার্দাশিয়ান পেলেন মাত্র ১ ইউরো। অবাক করার মতো হলেও এই পরিমাণ ক্ষতিপূরণই চেয়েছিলেন মার্কিন এই তারকা।
২০১৬ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে সশস্ত্র ডাকাতির শিকার হন কিম। মঙ্গলবার এ ঘটনায় তাকে ১ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার রায় দেন প্যারিসের একটি আদালত। মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবী এ তথ্য জানিয়েছেন।
ওই ডাকাতির ঘটনাকে কিম তার জীবনের ‘সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করেছিলেন। গত বছর এ ঘটনায় জড়িত আটজনকে দোষী সাব্যস্ত করা হয়। রায়ের পর কিম ও তার স্টাইলিস্ট সিমন হারুশ ফ্রান্সের বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।
এপি-কে দেওয়া যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘অভিজ্ঞতাটি ভীষণ যন্ত্রণাদায়ক ছিল। এর প্রভাব এখনো আমাদের মনে রয়ে গেছে। আজকের এই রায় শুধু ক্ষতিপূরণ পাওয়ার বিষয় নয়, বরং এটি জবাবদিহি ও স্বীকৃতির প্রমাণ।’
ঘটনাটি ঘটে ২০১৬ সালের ২ অক্টোবর, প্যারিসে ‘ফ্যাশন উইক’ চলাকালে। দুই ডাকাত পুলিশের ছদ্মবেশে কিমের হোটেল স্যুইটে ঢুকে তাকে জিপ টাই ও টেপ দিয়ে বেঁধে ফেলেন। এরপর তারা ৬০ লাখ ডলারেরও বেশি মূল্যের গয়না নিয়ে পালিয়ে যান। লুট হওয়া গয়নার মধ্যে ছিল একটি হীরার আংটি, যেটি ওই রাতে গিভেঞ্চির একটি অনুষ্ঠানে পরেছিলেন কিম।
বয়সের কারণে ডাকাত দলের সদস্যরা ফ্রান্সে ‘গ্র্যান্ডপা রবার্স’ নামে পরিচিতি পান। বিচার চলার সময় তাদের ছয়জনের বয়স ছিল ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। সশস্ত্র ডাকাতি, অপহরণ ও সংঘবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাদের বিচার হয়।
তবে বিচার-পূর্ব আটকেই সাজা ভোগ করে ফেলায় দোষী সাব্যস্ত কাউকেই নতুন করে কারাগারে যেতে হয়নি। তারা কেউ রায়ের বিরুদ্ধে আপিলও করেননি।
মামলায় হোটেল দ্য পোরতালেসের এক সাবেক রিসেপশনিস্টকে ১ লাখ ৯ হাজার ৫১৬ ইউরো ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তিনি ডাকাতির সময় হোটেলটিতে কর্মরত ছিলেন। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ার কথা জানিয়ে তিনি ক্ষতিপূরণ ও সুদ বাবদ সাড়ে ৫ লাখ ইউরো দাবি করেছিলেন।
এ ছাড়া হোটেলটিকে ৫০ হাজার ইউরো এবং কিমের স্টাইলিস্ট হারুশকে তার দাবি করা ১ ইউরো ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
রায়ের পর কিম বলেন, ডাকাতির ঘটনা তার ও তার পরিবারের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। তিনি বলেন, ‘যা ঘটেছে, তা আমি কখনোই ভুলতে পারব না। তবে আমি মানুষের মানসিক উত্তরণ ও জবাবদিহির শক্তিতে বিশ্বাস করি।’
সোর্স: রয়টার্স
কিউএনবি/অনিমা/১৭ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৪:১০