স্পোর্টস ডেস্ক : সাফ সেমিফাইনালের মহারণে একাদশে দুই পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। গত ম্যাচে ডিফেন্ডার সাদ উদ্দিন মারাত্মক চোট পেয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। তার পজিশনে অভিজ্ঞ ডিফেন্ডার রহমত মিয়ার ওপরই ভরসা রেখেছেন বাংলাদেশ কোচ থমাস ডুলি।
বাংলাদেশের প্রথম একাদশে আটজন প্রবাসী ফুটবলার নিয়ে দল সাজিয়েছেন ডুলি। ২০১৩ সালে ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়ার মাধ্যমেই বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের ধারা শুরু হয়েছিল। আজ সর্বোচ্চ আটজন খেললেও একাদশের বাইরে থাকছেন জামাল।

ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে আজ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে। পাকিস্তানকে হারাতে পারলে ২১ বছর পর আবারও ফাইনালে খেলবে বাংলাদেশ। সর্বশেষ ২০০৫ আসরের ফাইনালে খেলেছিল লাল-সবুজের দল। সেবার ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ। এরপর আর কখনো শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে পারেনি। প্রসঙ্গত, প্রথম সেমিফাইনালে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত।
ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেয় দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে গোল করেন সামিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। তাদের নৈপুণ্যে দলের আক্রমণভাগের শক্তি ও আত্মবিশ্বাসের প্রমাণ মিলেছে।
বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরি, কাজেম শাহ, সামিত সোম, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও সুকি ইতোফুসা।
কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৬,/রাত ১১:০০