স্পোর্টস ডেস্ক : দেশের মাটিতে প্রথমবারের মতো বসছে এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডের আসর। নিজেদের চেনা পরিবেশ ও মাঠের সুবিধা কাজে লাগিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিতে চায় বাংলাদেশ। স্বাগতিক দলের ক্রিকেটার সাইফুদ্দিন রাফির প্রত্যাশা, ফাইনালে উঠে ভালো কিছু অর্জন করবেন তাঁরা।
আগামী ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পাঁচ দলের এই প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
টুর্নামেন্ট সামনে রেখে নিজেদের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে আশাবাদী রাফি। তাঁর মতে, ঘরের মাঠে খেলার কারণে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ। তবে প্রতিটি ম্যাচকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে চান তাঁরা।
রাফি বলেন, ‘অবশ্যই নিজেদের দেশের মাঠে খেলার একটা সুবিধা আছে। আমরা চেনা মাঠে খেলব। তাই শুরু থেকেই প্রতিটি ম্যাচ নিয়ে আলাদাভাবে চিন্তাভাবনা করছি। আপাতত আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। আশা করছি, ফাইনালে ভালো কিছু একটা পাব ইনশাআল্লাহ।’
বাংলাদেশে প্রথমবারের মতো ব্লাইন্ড ক্রিকেটের এশিয়া কাপ আয়োজনকে বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন এই ক্রিকেটার। জাতীয় দলের হয়ে এটিই তাঁর প্রথম অংশগ্রহণ। তাই টুর্নামেন্টটি নিয়ে বাড়তি উচ্ছ্বাস রয়েছে তাঁর।
রাফি বলেন, ‘আমাদের দেশে প্রথমবারের মতো এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে। আমার নিজেরও জাতীয় দলে এটি প্রথম অংশগ্রহণ। সব মিলিয়ে আমার খুবই ভালো লাগছে।’
এমন আয়োজনের পেছনে থাকা আয়োজক ও পৃষ্ঠপোষকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন রাফি। বিশেষ করে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল এবং মাঠ ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ায় এবিজি স্পোর্টস সিটির প্রতি ধন্যবাদ জানান তিনি।
ভবিষ্যতেও ব্লাইন্ড ক্রিকেটের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে রাফি বলেন, ‘সাফওয়ান বসুন্ধরা গ্লোবালকে অসংখ্য ধন্যবাদ, এমন চমৎকার একটি আয়োজন করার জন্য। পাশাপাশি এবিজি স্পোর্টস সিটিকেও ধন্যবাদ মাঠসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার জন্য। আশা করছি, সামনেও তারা আমাদের পাশে থাকবে। আমরা ব্লাইন্ড ক্রিকেট নিয়ে অনেক দূর এগিয়ে যাব।’
বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের আয়োজনে এবং ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতা। টুর্নামেন্টের স্পন্সর সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি) এবং পাওয়ার্ড-বাই পার্টনার বসুন্ধরা এক্সারসাইজ বুক। আসরের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও তাদের ইউটিউব চ্যানেল।
কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২৬,/রাত ৯:২২