শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকেই ক্রিকেটে প্রাসঙ্গিক। বাবারা ক্রিকেটে বড় ছাপ ফেলে যান, এরপর তাদের সন্তানেরাও হেঁটে যান সে পথে। মহিন্দর অমরনাথ থেকে স্টুয়ার্ট ব্রড… এই তালিকাটা নেহায়েত কম লম্বা নয়। 

এই তালিকায় সবশেষ সংযোজন বনে যাওয়ার অপেক্ষায় আছেন আরও কিছু তরুণ তুর্কি। আজকের এই তালিকায় তাদেরই খোঁজ মিলবে এক নজরে—

বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর
বীরেন্দর শেবাগ তার ক্যারিয়ারে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য বেশ পরিচিত ছিলেন। প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি আর ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির ‘ডাবল’ বাগিয়ে নেওয়ার রেকর্ড গড়েছিলেন। ভারতকে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতিয়েছেন।

তার ছেলেও এবার বাবার পদাঙ্ক অনুসরণ করে ভারতীয় দলে কড়া নাড়ছেন। বর্তমানে ভারতের অ-১৯ দলে খেলছেন তিনি। বাবার মতো বড় ইনিংস যে খেলতে পারেন, তার ইঙ্গিত দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৬০ রানের ইনিংস খেলে।

দ্রাবিড়ের ছেলে অন্বয়
রাহুল দ্রাবিড় বড় একটা ছাপই ফেলে গেছেন ভারতীয় ক্রিকেটে। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে খেলেছেন। পরে দলটির কোচ হয়ে দলকে নিয়ে গেছেন ফাইনালেও। 

তার ছেলে অন্বয় দ্রাবিড়ও এগোচ্ছেন বাবার পথ ধরে। কর্ণাটকের হয়ে বয়সভিত্তিক ক্রিকেটে খেলছেন। ডাক পেয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও। অ-১৯ এশিয়া কাপেও ভারতীয় দলে খেলেছেন তিনি। 

রাজ্জাকের ছেলে আলী
পাকিস্তানের বিধ্বংসী অলরাউন্ডার আবদুল রাজ্জাক বহু ম্যাচে হারের কিনারা থেকে দলকে বাঁচিয়েছেন। ব্যাটে বলে দলকে সার্ভিস দিয়েছেন বহু দিন। 

তার মতো তার ছেলেও এখন পাকিস্তান দলে জায়গা পাওয়ার খুব কাছে আছেন। তিনিও বাবার মতো খেলছেন অলরাউন্ডার হিসেবে। বল হাতে মিডিয়াম পেস, আর ব্যাট হাতে বিধ্বংসী রূপ… আলী যেন তার বাবা আবদুল রাজ্জাকের হুবহু কপি। 

চলতি বছর ঘরোয়া টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে ২২ বছর বয়সী আলীর। সে ম্যাচেই তিনি খেলেছেন ২৬ বলে ৪৫ রানের এক ইনিংস। তার আগে প্রথম শ্রেণির ক্রিকেটেও নিজেকে জাহির করেছিলেন। প্রেসিডেন্টস ট্রফির শেষ রাউন্ডে একই ম্যাচে করেছিলেন ৬৪ ও ১১১ রান।

জাহাঙ্গীর আলমের ছেলে জিসান আলম
বাংলাদেশেও আছে এমন বাবা ছেলের যুগবন্দি। বাবা জাহাঙ্গীর আলম ১৯৯৯ সালে বাংলাদেশ দলে খেলেছিলেন। ওপেনার আর উইকেটরক্ষক হিসেবে ৩ ম্যাচে অবশ্য বড় পারফর্ম করতে পারেননি। যদিও ঘরোয়া ক্রিকেটে তার পারফর্ম্যান্স ছিল অসামান্য।

জিসান আলমও এখন জাতীয় দলের দুয়ারে কড়া নাড়ছেন। বিশেষ করে সাদা বলের দুই ফরম্যাটে যথাক্রমে ১১০ আর ১৩৮ স্ট্রাইক রেট তাকে ইতোমধ্যেই বাড়তি সমীহ এনে দিয়েছে ঘরোয়া ক্রিকেটে।

মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিল
এই তালিকায় ব্যতিক্রম হচ্ছে এই জুটি। আর সবার সঙ্গে এই জুটির পার্থক্য হচ্ছে, বাবার সঙ্গে ছেলেও শিগগিরই দেখা যেতে পারে জাতীয় দলে। মোহাম্মদ নবী আফগানিস্তান জাতীয় দলের কিংবদন্তি। ২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে দেশটির প্রথম স্বীকৃত ম্যাচে খেলেছিলেন নবী। ৪১ বছর বয়সী এই ক্রিকেটার খেলে যাচ্ছেন এখনও।

এরই মধ্যে তার ছেলে জাতীয় দলের খুব কাছাকাছি চলে এসেছেন। আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে ডাকাবুকো ব্যাটিং দিয়ে পরিচিতি পেয়ে গেছেন তিনি। ইতোমধ্যে আন্তর্জাতিক অভিষেকও হয়ে গেছে এশিয়ান গেমসে। তবে বাবার সঙ্গে খেলা হয়নি এখনও। নবী তার ক্যারিয়ার আরেকটু দীর্ঘায়িত করলে হয়তো দুজনকে একসঙ্গে খেলার বিরল নজির দেখা যেতেও পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit