মির্জা ফখরুলকে আইনমন্ত্রীর এলাকা কসবায় আসার আহবান আ. লীগের
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
Update Time :
মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
১৩৯
Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিথ্যা অভিযোগ না করে আইনমন্ত্রী আনিসুল হক এম.পি’র সংসদীয় আসন (ব্রাহ্মণবাড়িয়া-৪, কসবা-আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আসার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ জানানো হয়েছে। সোমবার সন্ধ্যায় কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন এ অনুরোধ জানান।
এ সময় রাশেদুল কায়সার আরো বলেন, ‘আইনমন্ত্রী এত দেউলিয়া হয়ে যাননি যে মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে হয়রানি করতে হবে। মন্ত্রীর সময়ে একটি হয়রানিমূলক মামলাও হয়নি। আওয়ামী লীগ নয় সন্ত্রাসী দল হচ্ছে বিএনপি। আওয়ামী লীগের সংসদ সদস্যকে অস্ত্র দেখিয়ে হুমকি, ছাত্রলীগ নেতা ওমরা খানকে তারা হত্যা করেছে।’মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের ওই নেতা বলেন, ‘মিথ্যাচার না করে কসবা-আখাউড়ায় এসে দেখে যান আইনমন্ত্রী কি উন্নয়ন করেছেন। কত যুবককে চাকরি দিয়েছেন। মিথ্যা কথা বলে আপনারা ক্ষমতায় আসতে পারবেন না।’আওয়ামী লীগ নেতা রাশেদুল কায়সার জানান, কসবায় বিএনপি’র দুই নেতাকে গ্রেপ্তার বিষয়ে বিএনপি মহাসচিব মিথ্যা বক্তব্য দিয়েছেন বলে গণমাধ্যমে জানা যায়। বিএনপি নেতা হারুণুর রশিদ শাহীন ও যুবদল নেতা কামাল উদ্দিনকে চাঁদাবাজিসহ অন্য মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। এর সঙ্গে রাজনৈতিক কোনো বিষয় জড়িত নয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা কাজী আজহারুল ইসলাম, কসবা পৌরসভার মেয়র এ জি হাক্কানি, সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম, যুবলীগ নেতা এমদাদুল হক পলাশ, ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন খান রিমন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয়।