ডেস্ক নিউজ : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চরফ্যাশনের চরমানিকা ইউনিয়নের ১৩ জন জেলেসহ ট্রলার নিখোঁজ হয়। ৭ দিন পর বাড়ি ফিরেছেন তারা।
নিখোঁজ জেলে বারেক মাঝির ভাই মো. বাবুল জানান, আমার ভাই বারেক মাঝি আমার মোবাইল ফোনে কল করে জানান, তারা ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী মহিপুরের চালনায় মাছ ধরার ট্রলারটিসহ ১৩ জন জেলে সুস্থ আছেন। আজ বৃহস্পতিবার তারা বাড়ি ফিরছেন।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত আবদুল মতিন খান জানান, চরমানিকা ইউনিয়নের ১৩ জন জেলেসহ বারেক মাঝির ট্রলারটির সন্ধান পাওয়ার বিষয়টি আমাদের নিশ্চিত করেছে। এখনো নিখোঁজ রয়েছেন উপজেলার ২ জন জেলে।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট ভোলার চরফ্যাশনে বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপের প্রভাবে উপজেলার চরমানিকা ইউনিয়নের বারেক মাঝির মালিকানাধীন ‘লামিয়া’ নামে মাছ ধরার ট্রলারটি ১৩ জেলে নিয়ে নিখোঁজ হন। ট্রলার নিখোঁজ হওয়ার ৭ দিন অতিবাহিতের পর তারা ফেরত আসেন।
কিউএনবি/অনিমা/২৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২০