বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : টানাবর্ষণ ও ভারতীয় পাহাড়ি পানির তোড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকা তলিয়ে গেছে। এতে যাত্রী পারাপারে দুর্ভোগ নেমে আসে। আখাউড়া ইমিগ্রেশন পুলিশের সহকারি পরিদর্শক মো. জাফর জানান, শুক্রবার দুপুর থেকে টানা বৃষ্টি ও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ঢলের পানি নেমে আসায় ইমিগ্রেশনেরর সামনেন সড়ক প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে। ইমিগ্রেশন ভবনেও পানি ছুঁই ছুই করছে। একপ্রকার পানিবন্দি অবস্থায় তাদেরকে কাজ সারতে হচ্ছে। বিকেল থেকে বন্দরের পাশ হয়ে যাওয়া খাল দিয়েও দ্রুত বেগে পানি আসছে।
মো. জাহাঙ্গীর নামের কুমিল্লার এক পাসপোর্টধারী যাত্রী জানান, একে তো প্রচুর বৃষ্টিপাত তার ওপর সড়ক তলিয়ে যাওয়ায় ইমিগ্রেশন ভবনে যেতে মালামাল মাথায় করে নিতে হয়েছে। এতে সব মালামাল ভিজে যায়।বন্দর এলাকার মো. আমজাদ নামের এক অটোরিকশা চালক জানান, বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানি নেমে আসার কারণে সব যাত্রীই কমবেশি দূর্ভোগের শিকার হয়েছে। পানি বেড়েই চলছে।
উপজেলার দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল হোসেন জানান, পাহাড়ি ঢলের কারণে বন্দরসহ আশেপাশের এলাকার বাড়িঘরসহ বেশ কিছু পুকুর তলিয়ে গেছে। পাহাড়ি ঢলের পানি নামা অব্যাহত থাকায় পরিস্থিতি আরো অবনতি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
কিউএনবি/অনিমা/১৮.০৭.২০২২/সকাল ১১.৩২