ডেস্ক নিউজ : সপ্তাহের শেষে মুম্বাইয়ের জুহু সৈকতে ঘুরতে বেরিয়ে ছিলেন আমির। হালকা গোলাপি শার্ট আর সাদা রঙা টি-শার্ট পরে জুহুর সমুদ্রসৈকতে এক বিরল দৃশ্য দেখে সবাই। গপগপ করে ফুচকা মুখে দিচ্ছেন আমির খান। ডায়েটসচেতন এই বলি অভিনেতার এই কীর্তি দেখে অবাক হতে বাধ্য যে কেউ। ফুচকার স্থানীয় নাম ‘পানি পুরি’, ভিডিওতে দেখা গেল মনভরে টক পানি আর আলু দিয়ে ফুচকা খাচ্ছেন আমির খান। মিস্টার পারফেকশনিস্টকে ঘিরে ভক্তদের আগ্রহ। মোবাইল ক্যামেরায় এ দৃশ্য বন্দি করেছেন অনেকেই। লাল সিং চাড্ডা হয়ে খুব শিগগিরই পর্দায় হাজির হবেন আমির খান। তার আগে এমনই অচেনা রূপে দেখা গেল অভিনেতাকে।
ভিডিওর শুরুতেই হাসিমুখে ফুচকা মুখে দিতে দেখা গেল আমিরকে। ‘লাল সিং চাড্ডা’র ঝলক মুক্তির আগে আমিরের ফুচকা খাওয়ার এই ভিডিও মুহূর্তেই ভাইরাল। আমির ইশারায় কী যেন বলছেন ফুচকা বিক্রেতাকে, সমুদ্রের গর্জন আর জনতার শোরগোলের মধ্যে তা শোনা না গেলেও অভিনেতার শরীরী ভাষায় স্পষ্ট এই ফুচকা খেয়ে বেশ তৃপ্তি পেয়েছেন আমির।
এদিন আমিরের সঙ্গে জুহুর সমুদ্রসৈকতে হাজির ছিলেন ‘লাল সিং চাড্ডা’র পরিচালক অদ্বৈত চন্দনও। আজ আইপিএল ফাইনাল চলাকালীন মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত সিনেমার ট্রেলার। হলিউডের জনপ্রিয় সিনেমা, ফরেস্ট গাম্পের (১৯৯৪) অফিশিয়াল রিমেক ‘লাল সিং চাড্ডা’। এক শিখ ব্যক্তির দেশের নানান স্থানে যাত্রার গল্প ফুটে উঠবে এ সিনেমায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস
কিউএনবি/আয়শা/২৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩১